ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে নয়াদিল্লিতে পৌঁছান তিনি। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। এ সফরে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপা...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিনদিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে নয়াদিল্লিতে পৌঁছান তিনি। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

এ সফরে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পুতিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বাইরে এটি পুতিনের প্রথম সরাসরি ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ।

বৈশ্বিক সংকটের মধ্যে ব্রিকস সম্মেলন

বৈশ্বিক অর্থনীতিতে নানা চাপের মধ্যে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের ব্রিকস সম্মেলন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি পশ্চিম এশিয়ার সংকটও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হরমুজ প্রণালির অবরোধ।

ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি ও শুল্কনীতিও বৈশ্বিক অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মোদীর সঙ্গে পুতিনের বৈঠক

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ব্রিকস বিজনেস ফোরামের বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন। প্রথাগতভাবে ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে এই ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রিকস সদস্যদেশগুলোর ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে সংলাপের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এটি বিবেচিত হয়।

পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পুতিন। দুই নেতা ইনোপ্রম প্রদর্শনীও পরিদর্শন করবেন। রাশিয়া ও ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।

দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি, ওষুধশিল্প এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

১২ সেপ্টেম্বর মূল সম্মেলন

ব্রিকসের মূল শীর্ষ সম্মেলন শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর। সেখানে ব্রিকস নেতারা ভারতের সভাপতিত্বে উত্থাপিত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।

রাজনীতি ও নিরাপত্তা, অর্থনীতি ও অর্থায়ন এবং সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কের ক্ষেত্রে ব্রিকসের কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হবে।

এ ছাড়া সমসাময়িক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করবেন নেতারা।

রোববার অনুষ্ঠিত হবে ব্রিকসের সম্প্রসারিত বৈঠক। এতে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর প্রতিনিধিদলের প্রধানদের পাশাপাশি আমন্ত্রিত দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানেরা অংশ নেবেন।

যেসব নেতার সঙ্গে বৈঠক করবেন পুতিন

শীর্ষ সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের নেতার সঙ্গে বৈঠক করবেন পুতিন। এর মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তবে ব্রিকস সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে পুতিনের আলাদা পূর্ণাঙ্গ বৈঠকের কোনো সূচি নেই। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, দুই নেতা সম্মেলনের ফাঁকে অনানুষ্ঠানিকভাবে বা ‘পুল-অ্যাসাইড বৈঠকে’ কথা বলতে পারেন।

কারা থাকছে ব্রিকস সম্মেলনে

এবারের ব্রিকস সম্মেলনে চীন, ইরান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, মিশর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন।

এই সম্মেলনে বিমসটেক সভাপতি হিসেবে বাংলাদেশকে ভারত আমন্ত্রণ জানালেও তা প্রত্যাখ্যান করেছে ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বা সরকারের কাউকে আমন্ত্রণ না জানানোয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

সূত্র: ইন্ডিয়া টুডে
কেএএ/

Original Source
https://www.jagonews24.com/international/news/1155974
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Politics