দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমদ ও মঈন খানের
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেগুলোর সংসদ-সংক্রান্ত কার্যাবলি পালনের জন্য বিকল্প দায়িত্ব নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদ-বিষয়ক কার্যাবলি সম্পাদন করবেন।
তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সংসদ-সংক্রান্ত দায়িত্ব পালন করবেন।
সংসদ চলাকালীন তার অনুপস্থিতিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এসব দায়িত্বের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৭ মার্চ, ৬ এপ্রিল, ১৬ জুলাই এবং ২৩ আগস্টের প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে।
আরএমএম/কেএএ/