ইউএনওর সই জাল করে নাগরিকত্বে প্রত্যয়ন, আটক ২
দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সই জাল করে নাগরিকত্বে প্রত্যয়ন দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই দুজনের নামে মামলা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন অফিসে মুহিম হোসেন রোহান নামের এক যুবক নতুন ভোটার হতে এলে তাদের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিষয়টি স্বীকার করেন।
অভিযুক্তরা হলেন পৌরসভার নতুন বাজার এলাকায় সুমন কম্পিউটার অ্যান্ড ফটোস্ট্যাটের স্বত্বাধিকারী সাইদুর জাম্মান সুমন (৪০) এবং মুন্সিগঞ্জের লৈহজং উপজেলার ধীতপুর এলাকার সিদ্দিক মোল্লার ছেলে মনির হোসেন (৫১)।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তানজিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে মুহিম হোসেন রোহান নামের এক যুবক নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য আসেন। সেখানে কাগজ যাচাই করার সময় নাগরিকত্ব সনদে ইউএনওর সই অগোছালো মনে হয়। পরে তাদের ইউএনওর কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সই জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। পরে তাদের সেখানে আটক করে পুলিশে দেওয়া হয়।
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শামিম আল মামুন জানান, আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। রাতেই পৌরসভার কম্পিউটার অপারেটর বাদী হয়ে জালিয়াতি ও প্রতারণার মামলা করেন।
মো. মাহাবুর রহমান/এসআর


