রাবিতে যুক্ত হলো ২ আধুনিক অ্যাম্বুলেন্স

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারে দুটি আধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতায় অ্যাম্বুলেন্স দুটি সংযোজন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশ...

শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারে দুটি আধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতায় অ্যাম্বুলেন্স দুটি সংযোজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অ্যাম্বুলেন্স দুটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্স দুটিতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার, ফার্স্ট এইড বক্সসহ বিভিন্ন আধুনিক সুবিধা রয়েছে। এতে ২৪ ঘণ্টা জরুরি সেবা, হটলাইন নম্বর, স্ট্রেচার ও হুইলচেয়ারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি দ্রুত রোগী পরিবহনের সুবিধাও থাকবে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রোগী নেওয়া যাবে।

কোনো শিক্ষার্থী গুরুতর অসুস্থ হলে রাবি মেডিকেল সেন্টার ও রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সুপারিশক্রমে অ্যাম্বুলেন্সে সড়কপথে ঢাকায় নেওয়ার সুবিধাও থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নতুন অ্যাম্বুলেন্স পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা মাহফুজা সিদ্দিকা লিপি। তিনি বলেন, আমাদের মেডিকেল সেন্টারে অ্যাম্বুলেন্স সংকট অনেকদিন ধরেই ছিল। নতুন অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ সেই সংকট কিছুটা দূর হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা আশাবাদী, মেডিকেল সেন্টারের অন্যান্য সমস্যাগুলোও প্রশাসন দূর করবে।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, আমরা অনেক আগ থেকেই অ্যাম্বুলেন্সের বিষয়ে কাজ শুরু করেছি। আজ একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে, আরেকটি আসছে। এই দুটি অ্যাম্বুলেন্সই আমাদের শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হবে। একটি আধুনিক অ্যাম্বুলেন্সে যা যা প্রয়োজন, তার সবই এখানে রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ছেলেমেয়েরা গুরুতর অসুস্থ হলে রামেকের ওপর নির্ভর করতে হয়। ইউজিসির সহযোগিতা পেলে আমরা আমাদের মেডিকেল সেন্টারেই চার-পাঁচটি আইসিইউ বেড স্থাপনের পরিকল্পনা নিয়েছি। সেখানে আইসিইউ বিশেষজ্ঞও থাকবেন। খুব দ্রুতই লোকবল সংকটেরও সমাধান হবে। আমাদের মেডিকেল সেন্টার আরও বড় করা, আধুনিক মেশিন সংযুক্ত করাসহ বিস্তর পরিকল্পনা রয়েছে। সময়ের সঙ্গে আপনারা সবকিছুই পাবেন। আমি কর্মে বিশ্বাসী।

উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আসলাম হোসেন, ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশিদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান, অফিসার সমিতির সহ-সভাপতি রোকনুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মিরাজ হোসেন/কেএইচকে

Original Source
https://www.jagonews24.com/campus/news/1155949
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World