ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪২
রাজধানী ঢাকায় পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১৯৩ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪২ জন, গোয়েন্দা বিভাগ ১২ জন ও সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৪৫ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৯১ পিস ইয়াবা, একটি শটগান, একটি প্রাইভেট কার, একজন ভিকটিম, ১৫টি মোবাইল ফোন ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কেআর/কেএসআর




