জন্মদিনে বিশেষ পরিকল্পনা নেই কনক চাঁপার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপার জন্মদিন আজ (১১ সেপ্টেম্বর)। ৫৭ বছরে পা রাখছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। তবে এবারের জন্মদিন ঘিরে নিজের কোনো বিশেষ পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। টানা কয়েকদিন ইতালি, সুইডেন ও লন্ডনে স্টেজ শো শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন কনক ...

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপার জন্মদিন আজ (১১ সেপ্টেম্বর)। ৫৭ বছরে পা রাখছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। তবে এবারের জন্মদিন ঘিরে নিজের কোনো বিশেষ পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি।

টানা কয়েকদিন ইতালি, সুইডেন ও লন্ডনে স্টেজ শো শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন কনক চাঁপা। জন্মদিনটা দেশের মাটিতেই কাটানোর ইচ্ছা ছিল তার। তবে বিশেষ কোনো আয়োজনের পরিকল্পনা না থাকলেও পরিবার ও ভক্তদের ভালোবাসায় দিনটি শেষ পর্যন্ত বিশেষ হয়ে উঠবে বলেই মনে করছেন এই শিল্পী।

জন্মদিন প্রসঙ্গে কনক চাঁপা বলেন, ‘দেশের বাইরে থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে শো শেষ করে দেশে ফিরেছি। আমার অনুভব এই যে, আমার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা দিন দিন আরও বাড়ছে, এটা আসলেই ভাষায় প্রকাশের নয়। সবার এই ভালোবাসার ঋণ শোধ করাও সম্ভব নয়। আমি বারবার শ্রোতাদের ভালোবাসার কাছে পরাজিত হচ্ছি।’

জন্মদিনের আয়োজন নিয়ে তিনি বলেন, ‘জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার মেয়েই জন্মদিন নিয়ে সব পরিকল্পনা করত। কিন্তু সে তো এখন দেশের বাইরে থাকে। আর ছেলে একটু লাজুক প্রকৃতির। তবে আমার বউমা রান্নাবান্না করে। আমার আসলে চুপেচাপেই জন্মদিন পার করে দিতে ইচ্ছে করে। কিন্তু সেটাও আর হয়ে ওঠে না।’

ভক্তদের ভালোবাসার কথাও উল্লেখ করেন কনক চাঁপা। তিনি বলেন, ‘আমার কিছু ভক্ত আছে, তারা আমার অজান্তেই আমাকে সারপ্রাইজ দিতে ভীষণ ভালোবাসে। হয়তো এবারও তার ব্যতিক্রম ঘটবে না।’

নিজের বয়স নিয়েও কোনো রাখঢাক নেই কনক চাঁপার। ৫৬ পেরিয়ে ৫৭ বছরে পা রাখলেও বয়সকে তিনি কেবলই একটি সংখ্যা হিসেবে দেখেন। তার ভাষায়, ‘সবচেয়ে বড় সত্যি কথা হলো জন্মদিন শুধুই একটা সংখ্যা মাত্র।’

জন্মদিনের তারিখটিও বিশেষ পছন্দের বলে জানান এই শিল্পী। তিনি বলেন, ‘আমার জন্মদিনটা আমার কাছে সবসময়ই খুব স্পেশাল এবং ১১ সেপ্টেম্বর তারিখটাও আমি খুব ভালোবাসি। এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউই যেতে চায় না, আমিও চাই না। তার পরও আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে পৃথিবীর বুকে রেখেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি।’

এদিকে আপাতত নতুন কোনো গান প্রকাশের পরিকল্পনা নেই কনক চাঁপার। নিয়মিত গান প্রকাশের সময়ের পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি। তবে সংগীত থেকে দূরে সরে যাওয়ার কোনো ইঙ্গিত নেই তার।

কনক চাঁপা বলেন, ‘সবারই একটা সময় থাকে নিয়মিত গান করার। তারপর সেই সময়টা পরিবর্তন হয়। কিন্তু আমি শিল্পী ছিলাম, শিল্পী আছি, শিল্পীই থাকব আজীবন।’

নব্বইয়ের দশকে চলচ্চিত্রের গানে কনক চাঁপার ছিল দাপুটে উপস্থিতি। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন নানা সম্মাননা। দেশের গণ্ডি পেরিয়েও নিয়মিত স্টেজ শোতে অংশ নিচ্ছেন এই গুণী শিল্পী।

এমআই/বিএ/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1156036
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business