৪ ক্যাচ ও ১ রান আউট মিস, তবু দলের ফিল্ডিংয়ে সন্তষ্ট জ্যোতি!
ভারতের বিপক্ষে এশিয়া কাপের সেমিফাইনালে ৪টি ক্যাচ ও একটি সহজ রান আউটের সুযোগ হাতছাড়া করেন বাংলাদেশের ফিল্ডাররা। এর মাশুল দিতে হয় বড় ব্যবধানে হেরে! অথচ এরপরও দলের বোলিং ও ফিল্ডিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ম্যাচের ফল বদলাতে না পারার পেছনে মূল কারণ হিসেবে ব্যাটিংয়ের ব্যর্থতাকেই দেখছেন তিনি।
ভারতের ইনিংসে স্মৃতি মান্ধানার উইকেট পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিতে পারেনি বাংলাদেশ। জ্যোতি মনে করেন, ভারতের ব্যাটারদের দেওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।
তিনি বলেন, ‘স্মৃতি মান্ধানা না শুধু, আমরা ওদের সব ব্যাটারকে নিয়েই কথা বলেছি। তারা সুযোগ দিয়েছিল, আমরা কাজে লাগাতে পারিনি। দ্বিতীয় ওভারেই লং অনে ক্যাচ দিয়েছিল শেফালি ভার্মা। ওই ক্যাচ ধরলে পুরো দৃশ্য অন্যরকম হতে পারত। তবে যেভাবে মেয়েরা লড়াই করেছে, আমি খুশি।’
চারটি ক্যাচ হাতছাড়া হলেও ফিল্ডিং ইউনিটকে কাঠগড়ায় দাঁড় করাননি জ্যোতি। বরং দলের বোলিং-ফিল্ডিংয়ের সামগ্রিক পারফরম্যান্সে স্বস্তিই খুঁজে নিয়েছেন তিনি। জ্যোতির ভাষায়, ‘আমরা ভালো ফিল্ডিংই করেছি। এই বিভাগেই বাকি দুই বিভাগের চেয়ে ভালো করেছি। বোলাররা ভালোই তো করছে। ভারত অনেক ভালো ব্যাটিংও করছিল। শেষদিকে অনেক রান তুলেছে।’
ভারতের ইনিংসের মাঝের সময়টায় বাংলাদেশ নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছিল বলেও মনে করেন অধিনায়ক। স্পিনাররা পরিকল্পনা অনুযায়ী বোলিং করায় ভারতকে ১৩০ থেকে ১৩৫ রানের মধ্যে আটকে রাখার সুযোগ ছিল বলে মত তার। জ্যোতি বলেন, ‘মাঝখানে আমরা ঠিকই নিয়ন্ত্রণ রেখেছিলাম। স্পিনাররা পরিকল্পনা অনুযায়ী বল করেছে। ১৩০-১৩৫ রানেই ওদের আটকে রাখা যেত, তাহলে ব্যাটিং ইউনিটের সামনে ভিন্ন দৃশ্যপট থাকতো।’
বল হাতে বোলাররা নিজেদের কাজটা করলেও রান তাড়ায় ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি। পুরো আসরেই ব্যাটিংয়ের এই ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে দলকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমরা ওদের ১৩০ রানের মধ্যে আটকে রাখার কথা ভেবেছিলাম। গত কয়েক ম্যাচে যেভাবে বোলিং-ফিল্ডিং করেছি… তবে সেটা হয়নি। আমরা উইকেটও বিলিয়ে এসেছি। এতে রান তাড়া কঠিন হয়ে যায়।’
ব্যাটিংয়ের সমস্যাটা নতুন নয় বলেও জানান বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, ‘এটা দীর্ঘদিন ধরেই আমাদের বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গত ২ ম্যাচে যারা রান করেছে এবার তারা রান পায়নি। রানের এই অধারাবাহিকতাই আমাদের ভোগাচ্ছে।’
তবে ব্যাটারদের ব্যর্থতার মাঝেও বোলারদের পারফরম্যান্সকে কৃতিত্ব দিয়েছেন জ্যোতি। তিনি বলেন, ‘তবে বোলাররা গত ৩ ম্যাচে ভালো করেছে। আমরা ভুগছি ব্যাটিং ব্যর্থতার কারণে। উইকেট অবশ্য একটু ধীর গতির ছিল। ব্যাট করার জন্য এত সহজ ছিল না।’
এসকেডি/আইএন

