একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ের চেষ্টা, ইউএনওর হস্তক্ষেপ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ের তথ্য পাওয়ার পর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। এসব বিয়ের আনুষ্ঠানিকতা বা নিবন্ধন সম্পন্ন হয়নি বলে জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার...

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ের তথ্য পাওয়ার পর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। এসব বিয়ের আনুষ্ঠানিকতা বা নিবন্ধন সম্পন্ন হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিত হতে বলা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাদের সঙ্গে কথা বলেন। এ সময় ছাত্রীদের বাল্যবিয়ে না দেওয়া এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে অভিভাবকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বলেন, জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ওই বিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর পারিবারিকভাবে মৌখিক বিয়ে দেওয়া হয়। পরে আরও দুই ছাত্রীর একই ধরনের বিয়ের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে ১৩ ছাত্রীর গোপনে মৌখিক বিয়ে হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এসব বিয়ের কোনো আনুষ্ঠানিকতা বা নিবন্ধন হয়নি। কয়েকজনের ক্ষেত্রে শুধু দেখাদেখি বা পারিবারিকভাবে সম্পর্ক ঠিক করে রাখা হয়েছিল।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ১৩ ছাত্রীর বিয়ের তথ্য পাওয়ার পর ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবকদের নামে নোটিশ দেওয়া হয়েছে। বাকি দুজনকে নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে। নির্ধারিত সময়ে আটজন ছাত্রীসহ ১১ জনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

তিনি আরও বলেন, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি মেয়েদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বিয়ের তথ্য জানার পর তাদের অভিভাবকদের ডেকে এ বিষয়ে নিষেধ করা হয়েছে। মেয়েরা যেন সংসারজীবনে না গিয়ে আবার বিদ্যালয়ে ফিরে পড়াশোনা চালিয়ে যায়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের শিক্ষার্থীদের বিষয়ে আরও সতর্ক ও নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে।

এ সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান, তালা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কেএইচকে

Original Source
https://www.jagonews24.com/country/news/1156078
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World