যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মো. রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অতনু দে প্রেম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্ন সুপারশপের সামনের রাস্তা থেকে রাব্বীর মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অতনু দে প্রেম জানান, ভোরে একটি মোবাইল ফোন নিয়ে রাব্বীর সঙ্গে তার দুই বন্ধুর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে একজন রাব্বীকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় রাব্বী দৌড়ে পালানোর চেষ্টা করলে অতিরিক্ত রক্তক্ষরণে রাস্তায় পড়ে মারা যান।
তিনি জানান, নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নিহতের দুলাভাই শফিকুর জানান, শুক্রবার ভোর ৪টার দিকে রাব্বীর সঙ্গে তার ফোনে কথা হয়। এর কিছুক্ষণ পর আবার ফোন দিলে রাব্বীকে পাওয়া যায়নি। পরে এক দূরসম্পর্কের শ্যালিকার মাধ্যমে তিনি জানতে পারেন, যাত্রাবাড়ীর কাজলা এলাকার স্বপ্ন সুপারশপের সামনে কে বা কারা রাব্বীকে মেরে ফেলে গেছে। এরপর তারা দ্রুত ঘটনাস্থলে যান।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় রাব্বীর পকেটে সামান্য কিছু টাকা পাওয়া গেলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
নিহত রাব্বী কুমিল্লার মুরাদনগর থানার নেওয়াগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর আল-মদিনা গলিতে পরিবারের সঙ্গে থাকতেন।
রাব্বী পেশায় স্থানীয় একটি মাছের আড়তে কাজ করতেন। দুই বছর আগে তিনি বিয়ে করেন। তার আড়াই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
কেএজেডআইএ/এমএএইচ/
