জমে থাকা বৃষ্টির পানিতে গোসলে নেমে একসঙ্গে তিন শিশুর মৃত্যু
পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলাম (আশরাফের) ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। এ সময় প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পরপর আরও দুজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একইসঙ্গে তিন শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে


