রাজপুত্রের হাতের হাড় দেখিয়ে সেনাদের মনোবল বাড়ানোর উদ্যোগ রাশিয়ার
এক হাতে ছিল তরবারি, যুদ্ধের ময়দানে ছিল নেতৃত্ব। সেই হাতেরই একটি হাড় শত শত বছর পর আবার ফিরলো যুদ্ধের মাঠে। তবে এবার লড়াই করতে নয়, সেনাদের মনোবল বাড়াতে। মধ্যযুগীয় রুশ রাজপুত্র দিমিত্রি দানস্কয়ের ডান হাতের একটি হাড়ের অংশ ইউক্রেনের সম্মুখভাগে পাঠিয়েছে রুশ অর্থোডক্স চার্চ।
রুশ অর্থোডক্স চার্চ জানিয়েছে, সম্প্রতি দিমিত্রি দানস্কয়ের ডান হাতের ওই অংশ ইউক্রেনের দোনেৎস্কে পাঠানো হয়েছে। রুশ সেনাদের মনোবল শক্তিশালী করতেই দেহাবশেষের এ অংশ যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে চার্চ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধের প্রতি সমর্থনের সর্বশেষ নজির হিসেবেও এ ঘটনাকে দেখা হচ্ছে।
অলংকৃত একটি ছোট কৌটায় রাখা হয়েছে দেহাবশেষটি। ইউক্রেনের এক হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ সম্মুখসীমাজুড়ে দেহাবশেষটি নিয়ে যাওয়া হবে। সেখানে কৌটাটি শক্ত কাচের নিচে সংরক্ষণ করা হবে ও রুশ সেনাদের বিভিন্ন ইউনিটের কাছে এটি প্রদর্শন করা হবে বলে জানিয়েছে চার্চ।
মস্কো প্যাট্রিয়ার্কেটের রুশ অর্থোডক্স চার্চ দিমিত্রি দানস্কয়কে একজন ধর্মীয়ভাবে সম্মানিত সেনানায়ক হিসেবে উল্লেখ করেছে। চার্চটির ভাষ্য, তার দেহাবশেষের একটি অংশ যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে, যাতে রুশ সেনাদের মনে তার সাহস ও যুদ্ধজয়ের স্মৃতি জাগিয়ে রাখা যায়। রুশ সেনাদের মনোবল বাড়াতেই এ দেহাবশেষ পাঠানো হয়েছে বলে জানিয়েছে চার্চ।
এক বিবৃতিতে চার্চটি বলেছে, দিমিত্রি দনস্কয়ের ডান হাতের এ অংশ দিয়েই তিনি ১৩৮০ সালের কুলিকোভোর যুদ্ধে তরবারি চালিয়েছিলেন। ওই যুদ্ধে মঙ্গোল গোল্ডেন হোর্ডকে পরাজিত করেছিলেন তিনি।
দিমিত্রি দানস্কয় ১৩৮৯ সালে মারা যান। রুশ জাতীয়তাবাদীদের কাছে তিনি বিশেষভাবে সম্মানিত। মঙ্গোলদের বিরুদ্ধে কুলিকোভোর যুদ্ধে বিজয়ের কারণে তাকে রাশিয়ার ইতিহাসের গুরুত্বপূর্ণ সামরিক নেতা হিসেবে দেখা হয়। চলতি গ্রীষ্মে রাশিয়ার রাজধানী মস্কোর ক্রেমলিনের ভেতরে আর্চেঞ্জেল ক্যাথেড্রালে সংস্কারকাজের সময় দিমিত্রি দানস্কয়ের সারকোফ্যাগটি খুঁজে পাওয়া যায়। সেখানে তার সংরক্ষিত দেহাবশেষও পাওয়া যায়।
গত আগস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে ওই দেহাবশেষ পরিদর্শন করেন। বিশেষজ্ঞরা এগুলো ভালোভাবে সংরক্ষিত বলে জানিয়েছেন। পুতিন তখন এটিকে ‘একেবারে অনন্য ও বিস্ময়কর আবিষ্কার’ বলে মন্তব্য করেন। এ আবিষ্কার রুশ ইতিহাসের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে বলেও মনে করেন তিনি।
সূত্র: দ্য ডন
এমআরএইস/এসএএইচ
:quality(80)/outremer%2F2020%2F11%2F25%2F5fbec9fe8a34b_prefet-1530194.jpg)