নবজাতককে ডাস্টবিনে ছুড়লো মা, উদ্ধার করলো জনতা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা থেকে ডাস্টবিনে ছুড়ে ফেলা সদ্য ভূমিষ্ট এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। পরে সিএনজি ধাওয়া করে মাকে ধরে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবজাতকের মায়ের নাম নাহিদা আক্তার মিতু (১৮)। তিনি কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেলাল হোসেনের মেয়ে। তবে স্থানীয়রা জানিয়েছে তার বাড়ি পার্শ্ববর্তী ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সিএনজি থেকে হাসপাতালের সামনে সড়কের পাশে ডাস্টবিনে কিছু একটা ছুড়ে ফেলার পর নবজাতকের কান্নার আওয়াজ শোনা যায়। পরে ওই সিএনজি ধাওয়া করে ওই নবজাতকের মা ও নানীকে ধরলে তারা প্রথমে অস্বীকার করেন। পরে হাসপাতালে নিলে গর্ভপাতের প্রমাণ পাওয়া যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শওকত আল ইমরান ইমরোজ জাগো নিউজকে বলেন, মুর্মূষু অবস্থায় নবজাতক ও তার মাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার আগে পুলিশকে জানানো হয়েছে।
জিজ্ঞাসাবাদে নবজাতকের নানী তাসলিমা আক্তার একেক সময় একেক ধরণের কথা বলছেন। তিনি তার মেয়েকে অবিবাহিত দাবি করে এলাকার একজনের কথা পুলিশকে জানিয়েছেন। তবে থানায় কোনো অভিযোগ দিতে রাজি হননি। এতে পুরো বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জাগো নিউজকে বলেন, স্থানীয় ওমর ফারুক নামে এক ব্যক্তির জিম্মায় শিশুটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এএইচ


