বিষপানের চিকিৎসা নিতে গিয়ে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের রোগী নিহত

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
পটুয়াখালীতে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই অ্যাম্বুলেন্সের রোগী ছিলেন। দুর্ঘটনায় ইউসুফ ও রুমা নামের আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালী শহরের পায়রা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শা...

পটুয়াখালীতে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই অ্যাম্বুলেন্সের রোগী ছিলেন। দুর্ঘটনায় ইউসুফ ও রুমা নামের আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালী শহরের পায়রা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল সদর উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে। পেশায় তিনি টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, শাকিল বিষপান করায় তাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। তার মা, চাচিসহ অ্যাম্বুলেন্সে মোট ছয়জন ছিলেন।

শাকিলের মা হোসনেয়ারা বেগম বলেন, হাসপাতালে নেওয়ার পথে পায়রা পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে শাকিল গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে অ্যাম্বুলেন্স থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়।

পটুয়াখালী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকের হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, বিষপানের পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।’

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আমখোলা থেকে বিষপানের চিকিৎসার জন্য শাকিলকে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হলে তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ ও রুমা আহত হয়েছেন।’

মাহমুদ হাসান রায়হান/এসআর

 

Original Source
https://www.jagonews24.com/country/news/1156149
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World