পেসারের সঙ্গে এবার স্পিনারও, দেশব্যাপী শুরু হচ্ছে বোলার হান্ট
পেসার খোঁজার পুরোনো উদ্যোগ এবার আরও বড় পরিসরে ফিরিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার শুধু পেসার নয়, স্পিনারদেরও খোঁজা হবে। দেশের বিভিন্ন প্রান্তে হতে যাওয়া এই বোলার হান্টে অংশ নেওয়ার সুযোগ পাবেন নারী ক্রিকেটাররাও।
বিসিবির এই উদ্যোগে এবার সহযোগী হিসেবে থাকছে স্পন্সর প্রতিষ্ঠান রবি। জাগো নিউজকে বিসিবির একটি সূত্র এটি নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে দেশব্যাপী বোলার বাছাইয়ের কার্যক্রম। মোট আটটি ভেন্যুতে এই হান্ট আয়োজন করা হবে। এর মধ্যে ঢাকায় থাকবে দুটি ভেন্যু। তবে সব জায়গায় একই দিনে কার্যক্রম হবে না; ভিন্ন ভিন্ন তারিখে নির্ধারিত ভেন্যুগুলোতে বোলারদের বাছাই করা হবে।
বাছাই কার্যক্রম পরিচালনায় থাকবেন জাতীয় দলের আশপাশে থাকা কোচরা। নারী বোলারদের বাছাইয়ের সময় নির্বাচকরাও মাঠে উপস্থিত থাকবেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গতি, বৈচিত্র্য কিংবা স্পিনের দক্ষতা থাকা সম্ভাবনাময় বোলারদের খুঁজে বের করাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য।
শুধু বাছাই করেই থেমে থাকবে না বিসিবি। নির্বাচিত প্রতিভাবান বোলারদের আধুনিক প্রশিক্ষণ ও নিয়মিত পরিচর্যার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদে তাদের জাতীয় দল ও জাতীয় দলের পাইপলাইনের জন্য প্রস্তুত করাই হবে এই কার্যক্রমের উদ্দেশ্য।
বাংলাদেশের ক্রিকেটে পেসার হান্টের মাধ্যমে এর আগেও বেশ কয়েকজন উল্লেখযোগ্য পেসার উঠে এসেছেন। রুবেল হোসেন, শফিউল ইসলাম ও এবাদত হোসেন তাদের মধ্যে অন্যতম। এছাড়া আরও অনেক পেসারকে এই ধরনের বাছাই কার্যক্রমের মাধ্যমে খুঁজে পেয়েছিল বিসিবি।
তবে গত কয়েক বছর ধরে বন্ধ ছিল দেশব্যাপী পেসার খোঁজার এই উদ্যোগ। প্রায় তিন মাস আগে নিজের অবসর সম্মাননা অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন আবারও পেসার হান্ট চালুর দাবি জানান। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের মতো আরও পেসার এই প্রক্রিয়ায় উঠে আসতে পারেন বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি।
এবার রুবেলের সেই আহ্বানের পর বোলার হান্ট ফিরছে আরও বিস্তৃত রূপে। অতীতে গ্রামীণফোন ও রবি-দুই প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশজুড়ে বড় পরিসরে পেসার হান্ট আয়োজন করেছিল বিসিবি। সেই কার্যক্রম থেকেই বাংলাদেশের ক্রিকেট পেয়েছে বেশ কয়েকজন পরিচিত পেসার।
এসকেডি/এমএমআর


