নওগাঁয় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-১৫
নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ মাদক ব্যবসায়ীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৬১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০টি ইয়াবা, পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলার মহাদেবপুর, মান্দা, পোরশা, পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সংশ্লিষ্ট থানার পুলিশের নেতৃত্বে ২৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ মহাদেবপুরে অভিযান চালিয়ে ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেফতার করে। মান্দায় ২৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০টি ইয়াবা ও একটি পালসার মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয় দুজনকে। পোরশায় অভিযান চালিয়ে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। পরে জব্দ করা মাদক ও উপকরণ ধ্বংস করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া নিয়ামতপুরে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন এবং পত্নীতলায় পৃথক দুটি অভিযানে ৩৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই উপজেলায় আরও পাঁচজন মাদকাসক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসা ও মাদক পরিবহনে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে জেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানান তিনি।
আরমান হোসেন রুমন/এএইচ


