নাচ নিয়ে অপমানিত ক্যাটরিনা, যে কথায় বদলে গেল অভিনেত্রীর ক্যারিয়ার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয়ের পাশাপাশি নাচেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। ‘শীলা কী জওয়ানী’, ‘চিকনী চমেলী’, ‘কালা চশমা’র মতো গানে তার নাচ দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়। তবে ক্যারিয়ারের শুরুর দিকে নাচ নিয়ে কঠিন অপমানের মুখে পড়তে হয়েছিল তাকে। সেই অপমানই এক...

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয়ের পাশাপাশি নাচেও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি। ‘শীলা কী জওয়ানী’, ‘চিকনী চমেলী’, ‘কালা চশমা’র মতো গানে তার নাচ দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়। তবে ক্যারিয়ারের শুরুর দিকে নাচ নিয়ে কঠিন অপমানের মুখে পড়তে হয়েছিল তাকে। সেই অপমানই একসময় তার জেদ বাড়িয়ে দিয়েছিল।

সম্প্রতি এক পডকাস্টে ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুর দিকের সেই ঘটনা তুলে ধরেছেন কোরিয়োগ্রাফার বস্কো মার্টিস। একই অনুষ্ঠানে ছিলেন কোরিয়োগ্রাফার ফরাহ খান। তাদের কথায় উঠে আসে, কীভাবে ধীরে ধীরে নাচের ক্ষেত্রে নিজেকে বদলে নিয়েছিলেন ক্যাটরিনা।

ফরাহ জানান, ‘শীলা কী জওয়ানী’ ছিল তার কোরিয়োগ্রাফ করা গানগুলোর মধ্যে সবচেয়ে কম খরচে তৈরি হওয়া গানগুলোর একটি। মাত্র ১০ জন ছেলে ও ক্যাটরিনাকে নিয়ে গানটির শুটিং করেছিলেন তিনি। বস্কোর মতে, এই গানটি ক্যাটরিনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছিল।

তবে ‘শীলা কী জওয়ানী’র আগে ক্যাটরিনার নাচ নিয়ে খুব বেশি ধারণা ছিল না ফরাহর। তিনি বলেন, তখন তারা জানতেন না যে ক্যাটরিনা ভালো নাচতে পারেন। ‘টাচ মি’ গানে নাচ করলেও তখনো নৃত্যশিল্পী হিসেবে তার পরিচিতি তৈরি হয়নি। ফরাহর কোরিয়োগ্রাফ করা ক্যাটরিনার প্রথম গান ছিল ‘জাস্ট চিল’।

এরপরই ক্যাটরিনার পুরোনো দিনের একটি ঘটনা সামনে আনেন বস্কো। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে এক কোরিয়োগ্রাফার প্রচণ্ড পরিশ্রম করার পরও ক্যাটরিনাকে বলেছিলেন, ‘নাচে তুমি শূন্য। তোমার এসব ছেড়ে দেওয়া উচিত।’

বস্কোর মতে, ওই কথাগুলো ক্যাটরিনার মনে গভীর প্রভাব ফেলেছিল। একই সঙ্গে তার মধ্যে তৈরি হয়েছিল জেদ। অপমানকে নিজের দুর্বলতা না বানিয়ে বরং নিজেকে আরও ভালো করার চেষ্টা করেছিলেন অভিনেত্রী।

বস্কোর কথা শুনে অবাক হয়ে যান ফরাহ। তিনি বলেন, ক্যাটরিনা কখনোই শূন্য ছিলেন না। হয়তো তখন তাকে চার বা পাঁচ নম্বর দেওয়া যেত। কিন্তু ‘শীলা কী জওয়ানী’র পর নাচের ক্ষেত্রে ক্যাটরিনার দক্ষতা অনেকটাই বেড়ে যায়। এরপর তার ক্যারিয়ারে আসে ‘চিকনী চমেলী’, ‘কালা চশমা’র মতো জনপ্রিয় গান।

বস্কোও ফরাহর সঙ্গে একমত হন। তাদের মতে, ‘শীলা কী জওয়ানী’তে ক্যাটরিনার নাচ ছিল দুর্দান্ত। এই গানের পর নাচের ক্ষেত্রেও নিজের জায়গা শক্ত করে নেন অভিনেত্রী।

এর আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেও জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে বলা হয়েছিল তিনি নাচতে পারেন না। সেই কথায় এতটাই প্রভাবিত হয়েছিলেন যে, একসময় তার মনে হয়েছিল কোনো দিনই ভালো নৃত্যশিল্পী হতে পারবেন না।

পরে বস্কো তাকে বোঝান, তিনি ভালো নাচেন, শুধু নিজেকে আরও একটু প্রশিক্ষিত করতে হবে। সেই পরামর্শ ক্যাটরিনার আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য, ‘রেস’ সিনেমার ‘টাচ মি’ গানে ক্যাটরিনার সঙ্গে কাজ করেছিলেন বস্কো।

এদিকে, গত দুই বছর বড়পর্দা থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা। মাতৃত্ব উপভোগ করছেন অভিনেত্রী। ২০২৫ সালের ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন তিনি। তার সর্বশেষ সিনেমা ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পেয়েছিল ২০২৪ সালে। বিজয় সেতুপতির সঙ্গে অভিনীত সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য না পেলেও ওটিটিতে দর্শকের প্রশংসা পেয়েছে।

এমএমএফ

Original Source
https://www.jagonews24.com/entertainment/bollywood/1156187
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Entertainment