পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের ফলাফল একাদশে ভর্তির আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা এখন থেকে ভর্তি আবেদন করতে পারবে। যারা ইতোমধ্যে আবেদন করেছে, তারাও সংশোধন করতে পারবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় একাদশ শ্রেণির আবেদনের পোর্টালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুনর্নিরীক্ষণের মাধ্যমে পরিবির্তিত ফলাফলসমূহ আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে সব শিক্ষার্থীদের ফলাফল পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত হয়েছে, তারা এখন আবেদন করতে (ইতোমধ্যে আবেদন না করে থাকলে), কিংবা ইতোমধ্যেই করা আবেদন পরিমার্জন করতে পারবে।
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির তথ্যমতে, এবার একাদশ শ্রেণি ভর্তিতে অনলাইনে আবেদন চলবে আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। তবে যারা গত ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি আবেদন করতে ব্যর্থ হয়েছেন তারাও এ সময়ের মধ্যে আবেদন করতে পারবে।
ভর্তি নির্দেশিকা অনুসরণ করে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।
এছাড়া শনিবার (১২ সেপ্টেম্বর) ও রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবে ভর্তিচ্ছুরা। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
এদিকে, আবেদন, ফল প্রকাশ, শিক্ষার্থী নির্বাচন ও নিশ্চায়ন প্রক্রিয়ার পর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০-২২ সেপ্টেম্বর। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
এএএইচ/জেএইচ

