দেশের মানুষ ও দেশ ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশ ভালো নেই। বিদ্যুৎ ও সারসংকট চরম আকার ধারণ করেছে। মানুষ কষ্টে আছে। আমরা জাতীয় সংসদে জনগণের এই কষ্টের কথা বলার চেষ্টা করলেও সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বগুড়ার ধুনট উপজেলায় এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেছেন।
এর আগে তিনি ইসলামী শিক্ষা আন্দোলনের নেতা শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
জামায়াত আমিরের আগমন উপলক্ষে স্থানীয় মাদরাসা মাঠে সাধারণ মানুষের সমাগম ঘটে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি চলমান বিদ্যুৎ ও সারসংকটের কড়া সমালোচনা করেন এবং বিরোধী দলকে সংসদে কথা বলতে না দেওয়ার অভিযোগ আনেন।
শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াত আমির
এ সময় জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূচি অনুযায়ী, ধুনট সফর ও কবর জিয়ারত শেষে সকাল পৌনে ১১টায় বগুড়া সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং দুপুর ১২টায় বগুড়া জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতার।
কেজে/এএসএম


