ওটিটিতে অভিষেকের আগেই পরিণীতির জীবনে এলো বিশেষ চমক

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবার ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন। নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’র মাধ্যমে তার ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে। তবে এই অভিষেকের সঙ্গে জড়িয়ে আছে অভিনেত্রীর জীবনের বিশেষ এক অধ্যায়। সিরিজটির শুটিং শুরু হওয়ার পরই জানতে পারেন তিনি অন্তঃসত্...

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবার ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন। নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’র মাধ্যমে তার ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে। তবে এই অভিষেকের সঙ্গে জড়িয়ে আছে অভিনেত্রীর জীবনের বিশেষ এক অধ্যায়।

সিরিজটির শুটিং শুরু হওয়ার পরই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। ফলে এক অর্থে অনাগত সন্তানকে সঙ্গে নিয়েই এই সিরিজের শুটিং করেছেন পরিণীতি। সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজেই এসব তথ্য জানিয়েছেন অভিনেত্রী।

বর্তমানে রাঘব চাড্ডা ও পরিণীতির ছেলে নীরের বয়স প্রায় ১০ মাস। পরিণীতির মতে, ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ শুধু তার জন্য নয়, ছেলে নীরের জন্যও বিশেষ একটি কাজ। কারণ মায়ের সঙ্গে এক অর্থে নীরেরও এই সিরিজের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয়েছে।

আবেগমিশ্রিত কণ্ঠে পরিণীতি বলেন, ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ শুধু তার নয়, ছেলে নীরেরও একপ্রকার অভিনয়ে হাতেখড়ি। তাই সিরিজটি তার কাছে সবসময়ই বিশেষ হয়ে থাকবে।

পেশাগত কাজের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে চেয়েছিলেন পরিণীতি। তাই শুটিং চলাকালে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেননি। দুর্গম পাহাড়ি এলাকায় শুটিংয়ের সময় নির্মাতাদের বিষয়টি জানান তিনি।

অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিংয়ের অভিজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী। তার শারীরিক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নির্মাতারা শুটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনেন। এমন কিছু বাংলো ও দূরবর্তী লোকেশনে শুটিং হয়েছিল, যেখানে প্রতিদিন যাতায়াত করা বেশ কঠিন ছিল।

পরিণীতির জন্য তাই শুটিং সেটের কাছাকাছি থাকার ব্যবস্থা করা হয়। এতে প্রতিদিন প্রায় এক ঘণ্টা আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে লোকেশনে যেতে হয়নি তাকে। সেটে গিয়ে শুটিং শেষ করে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছেন অভিনেত্রী।

এমনকি অ্যাকশন দৃশ্যেও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হয়েছিল। তবে গল্পের সৃজনশীল দিক যাতে অক্ষুণ্ণ থাকে, সেদিকেও নজর রাখা হয়েছিল বলে জানান পরিণীতি।

অভিনেত্রী আরও জানান, পুরো টিম ওই সময়ে তাকে পরম যত্নে আগলে রেখেছিল। অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে স্বামী রাঘব চাড্ডাও শুটিং লোকেশনে ছুটে এসেছিলেন। পাশাপাশি মা, শাশুড়ি ও ভাইও তার পাশে ছিলেন।

বিষয়টি নিয়ে মজাও করেছেন পরিণীতি। তিনি বলেন, সবাই হয়তো ভাবছিলেন, ‘পরিণীতির পুরো পরিবার শুটিংয়ে চলে আসে?’

সব মিলিয়ে ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ পরিণীতির ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। একই সঙ্গে তার ব্যক্তিজীবনেরও বিশেষ এক স্মৃতি হয়ে থাকছে সিরিজটি। কারণ এই কাজের শুটিংয়ের সময়ই মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রেখেছিলেন অভিনেত্রী।

এমএমএফ/এএসএম

Original Source
https://www.jagonews24.com/entertainment/bollywood/1156259
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Entertainment