ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোকসজ্জার কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামের রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোকসজ্জার কাজ করতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মনির হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের করিম সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নাঙ্গলকোট পৌরসভার শ্রীকামতা গ্রামের খুরশিদ আলমের ছেলে। তিনি নেজাম ডেকোরেটার্স নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হারুন বলেন, আলোকসজ্জার কাজ করার সময় মনির হঠাৎ সিঁড়ি থেকে পড়ে পুকুরঘাটের ফ্লোরে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
নিহতের চাচা শাহাদাত হোসেন মজুমদার বলেন, আমিও ঘটনাস্থলে ছিলাম। বৈদ্যুতিক তারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। পরে স্ট্রোক করে মারা যান।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সংবাদ আমাদের জানানো হয়নি। বিষয়টি জানানো হলে বিস্তারিত বলা যাবে।
এমআরএএইচ/এসএনআর


