ইপিজেডে জুয়ার আসর চালানোর অভিযোগে যুবক গ্রেফতার
চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় জুয়ার আসর পরিচালনার অভিযোগে মো. ওসমান গনি (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, এলাকায় ‘চিহ্নিত জুয়াড়ি’ হিসেবে পরিচিত ওসমান গনির বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা রয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের আকমল আলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শনিবার তার বিরুদ্ধে জুয়া খেলা, জুয়ার আসর পরিচালনা ও অপরাধে সহায়তার অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
ওসমান গনি হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে। তিনি নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইপিজেড থানা এলাকার বিভিন্ন নির্জন ও দুর্গম স্থানে টাকার বিনিময়ে জুয়ার আসর বসানোর অভিযোগ রয়েছে ওসমান গনির বিরুদ্ধে। জুয়ার আসর পরিচালনার জন্য ঘর তৈরি, লোকজনকে জুয়ায় উৎসাহিত করা এবং জুয়াড়িদের আশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগে তার বিরুদ্ধে এর আগেও আইনগত ব্যবস্থা নেয় পুলিশ। ইপিজেড থানায় ২০২৫ সালে এবং চলতি বছরে জুয়া আইন, ১৮৬৭-এর বিভিন্ন ধারায় দুটি মামলা করা হয়।
পুলিশ বলছে, সর্বশেষ দায়ের হওয়া মামলাসহ ওসমান গনির বিরুদ্ধে ইপিজেড থানায় মামলার সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ওসমান গনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জুয়ার আসর পরিচালনার অভিযোগ ছিল। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার ওসমান গনির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।
এমআরএএইচ/এসএনআর


