কামের কাম বাদ দিয়ে খালি আকাম, বাবা-মায়ের সম্পত্তি দান প্রসঙ্গে মাদানী
মা-বাবার যত্ন নেওয়ার সঙ্গে সন্তানের কাছে সম্পত্তি লিখে দেওয়ার বিষয়টি যুক্ত করে আইন করার উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
একই সঙ্গে সম্পত্তি না থাকা বা সন্তানকে সম্পত্তি না দেওয়া মা-বাবার সুরক্ষা এবং তাদের সঙ্গে অসদাচরণকারী সন্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রফিকুল ইসলাম মাদানী।
শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সম্পত্তি দলিল করে দিয়ে দিলেও যেন সন্তান মা-বাবার যত্ন নেয়—এই অজুহাত দিয়ে আইন পাস করা হচ্ছে। তাহলে প্রশ্ন—যারা সন্তানকে সম্পত্তি দলিল করে দিবে না, সে সমস্ত মা-বাবার সঙ্গে যদি খারাপ আচরণ হয়, তখন কী হবে? কিংবা যাদের সম্পত্তি লিখে দেওয়ার মতো অবস্থানই নাই, সেই মা-বাবার কী হবে?’
তিনি আরও লেখেন, ‘আল্লাহর বিধান পরিবর্তনের এই জগাখিচুড়ি বাদ দিয়ে, যে সমস্ত সন্তান পিতা-মাতার সঙ্গে অসদাচরণ করে, তাদের জন্য শক্ত বিচারের ব্যবস্থা প্রয়োজন!’
নিজের বক্তব্যের শেষ দিকে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘কামের কাম বাদ দিয়ে খালি আকাম! আমাদের আঞ্চলিক একটা প্রবাদ আছে—বুঝেনা কামের বাও, খালি ক, বেতন বাড়াও!’
এমআরএম


