রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সংগঠনের গোলাগুলি, সতর্ক থাকতে মাইকিং
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলির পর সবাইকে সতর্ক থাকতে মাইকিং করেছেন সাধারণ রোহিঙ্গারা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উখিয়ার হাকিম পাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
জামতলী ক্যাম্পের বাসিন্দা রহমত উল্লাহ বলেন, ক্যাম্পে শনিবার দিবাগত রাতে সশস্ত্র সংগঠনের সদস্যরা হঠাৎ গুলি করে। গুলির শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে মাইকিং করে সাধারণ রোহিঙ্গাদেরকে সচেতন ও সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, যতটুকু জেনেছি রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন আরএসও সদস্যরা গুলিবর্ষণ করে। কারণ ক্যাম্পের মধ্যে আরএসও এবং আরসা এই দুই গ্রুপ শক্তি দেখাতে প্রায় সময় গোলাগুলি করে।
আরেক রোহিঙ্গা মোহাম্মদ আজিজ বলেন, রাতে গোলাগুলির শব্দ শোনার পর মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়। সেখানে বলা হয় ‘আপনারা সবাই ঘুম থেকে উঠে যান, সবাই নিজ নিজ ঘরের দরজার সামনে সতর্ক হয়ে বসে থাকেন। এখানে ব্যাপক গুলিবর্ষণ করা হচ্ছে।’
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি রিয়াজ উদ্দিন বলেন, ঘটনাটি কয়েকদিন যাবৎ চলছিল। হাকিম পাড়া ক্যাম্প হলো আরএসও অধ্যুষিত আর জামতলী আরসা অধ্যুষিত। দুই ক্যাম্প পাশাপাশি। রাতে আরএসওর লোকজন জামতলি ক্যাম্পে আক্রমণের চেষ্টা করে ভয়ভীতি দেখায়। বিশেষ করে আধিপত্য বিস্তারে এসব করছে।
তিনি আরও বলেন, দুই গ্রুপের সদস্যদের আটকের চেষ্টা চলছে। এসব সংগঠনের সদস্যদের কাছে ভারী অস্ত্র আছে বলে জেনেছি। এর আগেও জামতলী ও হাকিম পাড়া ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়েছিল।
জাহাঙ্গীর আলম/এফএ


