প্রধানমন্ত্রীর নির্দেশে কৃত্রিম পায়ে নতুন পথচলা মাহফুজের

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
পঞ্চম শ্রেণিতে পড়ার সময় ভয়াবহ এক দুর্ঘটনায় ডান পা হারিয়েছিল মাহফুজ। শারীরিক সীমাবদ্ধতা আর জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ক্রাচে ভর করেই চলছিল তার প্রতিদিনের সংগ্রাম। সেই অদম্য লড়াইয়ের ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায় সে। দীর্ঘ পাঁচ বছরের কষ্টের জীবনের অবসান ঘটিয়ে অবশে...

পঞ্চম শ্রেণিতে পড়ার সময় ভয়াবহ এক দুর্ঘটনায় ডান পা হারিয়েছিল মাহফুজ। শারীরিক সীমাবদ্ধতা আর জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ক্রাচে ভর করেই চলছিল তার প্রতিদিনের সংগ্রাম। সেই অদম্য লড়াইয়ের ধারাবাহিকতায় এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায় সে। দীর্ঘ পাঁচ বছরের কষ্টের জীবনের অবসান ঘটিয়ে অবশেষে কৃত্রিম পায়ে ভর দিয়ে নিজের পায়ে নতুন করে হাঁটতে শুরু করেছে মাহফুজ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাহফুজের ডান পায়ে সফলভাবে কৃত্রিম পা সংযোজন করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিশেষ উদ্যোগে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার এই কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ঠাকুরপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে মাহফুজ। সম্প্রতি শিবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মাহফুজের অদম্য গল্প জানতে পারেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে তিনি মাহফুজের উচ্চশিক্ষার যাবতীয় দায়িত্ব নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

কৃত্রিম পা সংযোজনের পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়া সফরে এসে এক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সংবর্ধনা অনুষ্ঠানেই প্রথম মাহফুজের বিষয়টি আমার নজরে আসে। দীর্ঘ ১০ বছর একটি পা ছাড়া সে চলাফেরা করেছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনলে তিনি পা লাগিয়ে দেওয়ার নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় টিএমএসএস হাসপাতালের সহযোগিতায় কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে, সে তার কষ্টকর জীবন থেকে মুক্তি পেল এবং এখন থেকে নিজের পায়ে হেঁটে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।

কৃত্রিম পা পেয়ে নতুন জীবনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাহফুজ বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রধানমন্ত্রীর উপহার ও সার্বিক সহায়তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। পাশাপাশি প্রতিমন্ত্রী স্যার, শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানাই, যারা আমার পাশে দাঁড়িয়েছেন এবং স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন।

মাহফুজের বাবা আব্দুল ওহাবও কৃত্রিম পা সংযোজন ও পড়াশোনার দায়িত্ব নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, শিবগঞ্জ উপজেলার কিচক আইডিয়াল একাডেমি থেকে জিপিএ-৫ অর্জন করা মাহফুজের ইচ্ছা বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হওয়া। নতুন পায়ে ভর দিয়ে নিজের স্বপ্নের দিকে আরও বহুদূর এগিয়ে যেতে চায় এই অদম্য মেধাবী।

কেজে/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156337
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World