এআই ফিচার, ৮৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যাপলের নতুন ওয়াচে
স্মার্টওয়াচ এখন আর শুধু সময় দেখা কিংবা ফোনের নোটিফিকেশন জানানোর যন্ত্র নয়। হার্ট রেট, ঘুম, ব্যায়াম ও শরীরের নানা তথ্য নজরে রাখার কারণে এটি অনেকের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে। সেই তালিকায় নতুন চমক নিয়ে এসেছে অ্যাপল। নতুন আইফোনের পাশাপাশি প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আলট্রা ৪।
নতুন দুটি স্মার্টওয়াচেই স্বাস্থ্য পর্যবেক্ষণ, ফিটনেস ট্র্যাকিং, এআই-ভিত্তিক সুবিধা এবং উন্নত ব্যাটারি ব্যাকআপে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে আলট্রা ৪-এ লো পাওয়ার মোড চালু করলে একবার চার্জে সর্বোচ্চ ৮৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহারের সুবিধা মিলবে বলে জানিয়েছে অ্যাপল।
স্বাস্থ্য নিয়ে থাকবে বাড়তি নজর
অ্যাপল ওয়াচ সিরিজ ১২-তে যুক্ত করা হয়েছে নতুন হেলথ সেন্সিং সিস্টেম। এর মাধ্যমে দিনের বিভিন্ন সময়ে ব্যবহারকারীর হার্ট রেট পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া রয়েছে প্রস্তুতি ফিচার। ঘুমের সময়, ওয়ার্কআউট, ট্রেনিং লোডসহ শরীরের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এটি প্রতিদিন ০ থেকে ১০-এর মধ্যে একটি স্কোর দেবে। সেই স্কোরের ভিত্তিতে ব্যবহারকারীকে বিশ্রাম নেওয়া, গতি কমানো বা ব্যায়ামের জন্য প্রস্তুত থাকার মতো পরামর্শও দেওয়া হবে। যেমন-‘রিকোভার’, ‘পেস ইওরসেলফ’, ‘রেডি’ কিংবা ‘গো ফর ইট’ ধরনের নির্দেশনা দেখা যেতে পারে।
১৫ মিনিট চার্জেই দীর্ঘ সময় ব্যবহার
ব্যাটারির ক্ষেত্রেও এসেছে বড় উন্নতি। অ্যাপল ওয়াচ সিরিজ ১২ একবার চার্জে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত চলবে বলে দাবি করা হয়েছে। দ্রুত চার্জিংয়ের সুবিধায় মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই প্রায় ১২ ঘণ্টা ব্যবহারের সুযোগ মিলবে।
অন্যদিকে, দীর্ঘ সময় বাইরে থাকা বা অ্যাডভেঞ্চারপ্রেমীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে অ্যাপল ওয়াচ আলট্রা ৪। সাধারণ ব্যবহারে এটি সর্বোচ্চ ৫০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। আর লো পাওয়ার মোড চালু করলে ব্যাটারি ব্যাকআপ বেড়ে সর্বোচ্চ ৮৪ ঘণ্টায় পৌঁছাবে। মাত্র ১৫ মিনিট চার্জে প্রায় ১৮ ঘণ্টা ব্যবহারের সুযোগ পাওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এআই ও নতুন অডিও সুবিধা
নতুন ঘড়িগুলোতে এআই-ভিত্তিক সুবিধার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নত সিরির পাশাপাশি থাকছে শব্দ শনাক্তকরণ, লাইভ রিওয়াইন্ড, সিরি রিক্যাপ এবং শ্যাজামের মতো অডিও-ভিত্তিক ফিচার।
সিরিজ ১২ পাওয়া যাবে ৪২ ও ৪৬ মিলিমিটার এই দুই আকারে। অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম ও সিরামিক ফিনিশের মডেল থাকবে। অন্যদিকে, আলট্রা ৪ আসবে ন্যাচারাল ও ব্ল্যাক টাইটানিয়াম ফিনিশে। ভারতে অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এর দাম শুরু ৫৬ হাজার ৯০০ রুপি থেকে। আর অ্যাপল ওয়াচ আলট্রা ৪ কিনতে খরচ হবে শুরুতে ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি।
কেএসকে

