বৈশ্বিক শাসনব্যবস্থায় সংস্কারের প্রস্তাব মোদীর
বিশ্বের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যেসব দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের সমান গুরুত্ব দিতে হবে। ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মোদী বলেন, গ্লোবাল সাউথের দেশগুলোকে শুধু আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশ হিসেবে রাখলেই হবে না, বিশ্ব পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে গ্লোবাল সাউথের দেশগুলো থাকলেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা এখনো পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।
মোদী বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি দেশের কথা বলার সুযোগ থাকবে, প্রতিটি সদস্যের স্বার্থের গুরুত্ব থাকবে এবং মানবজাতির অগ্রগতিই সব উদ্যোগের মূল লক্ষ্য হবে।
এ জন্য ব্রিকসের পরবর্তী সম্মেলনের আগেই বৈশ্বিক শাসনব্যবস্থায় সংস্কারের জন্য একটি রোডম্যাপ তৈরির প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তার প্রস্তাব অনুযায়ী, এই সংস্কারের জন্য ১০টি প্রস্তাব তৈরি করা যেতে পারে।
মোদী বলেন, প্রস্তাবিত ‘ব্রিকস রিফর্ম রোডম্যাপ’-এর মূল লক্ষ্য হওয়া উচিত তিনটি বিষয়—প্রতিনিধিত্ব, দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার সক্ষমতা এবং নিয়ম প্রণয়নে অংশগ্রহণ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টিও দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, এ বিষয়ে আর দেরি করা উচিত নয়।
মোদী বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আলোচনা শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি নির্দিষ্ট সময়সীমার সঙ্গে যুক্ত করতে হবে। একই সঙ্গে আলোচনার ফলাফলও হতে হবে স্পষ্ট ও বাস্তবসম্মত।
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে ভোট দেওয়ার ক্ষমতা, নেতৃত্বের পদ এবং নীতিনির্ধারণের অগ্রাধিকার বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।
মোদী আরও বলেন, বিশ্বের অর্থনীতিতে যেসব দেশ ক্রমবর্ধমান অবদান রাখছে, বৈশ্বিক শাসনব্যবস্থায় তাদের প্রতিনিধিত্বও সেই অনুযায়ী বাড়াতে হবে। তাঁর মতে, বিশ্ব ব্যবস্থাকে কয়েকটি দেশের প্রভাবের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও অংশীদারত্বভিত্তিক করে তোলা প্রয়োজন।
ব্রিকসের মাধ্যমে এই পরিবর্তনের জন্য একটি যৌথ উদ্যোগ নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: এনডিটিভি
এমএসএম
