ছোটদের কোচ হয়ে আবার আসছেন লোডভিক ডি ক্রুইফ!
বাংলাদেশ ফুটবলে আবারও ফিরতে যাচ্ছেন নেদারল্যান্ডসের লোডভিক ডি ক্রুইফ। এবার জাতীয় দল নয়, তার সামনে ছোটদের দায়িত্ব। ২০২৭ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে ডি ক্রুইফকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ করার আলোচনা চলছে।
বাফুফের ডেভেলপমেন্ট কমিটির এক সদস্যের ভাষ্য অনুযায়ী, ডি ক্রুইফের সঙ্গে আলোচনা চলছে। তাকে আপাতত দুই মাসের জন্য নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কয়েক দিনের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে।
বাংলাদেশ ফুটবলে ডি ক্রুইফ অবশ্য নতুন নন। ২০১৩ সালে প্রথমবার জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন এই ডাচ কোচ। এরপর বিভিন্ন সময়ে স্বল্পমেয়াদি চুক্তিতে আবারও জাতীয় দলের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তার অধীনে বাংলাদেশ বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালেও খেলেছিল। বাফুফের সঙ্গে তার কাজের ধরন ছিল অ্যাসাইনমেন্টভিত্তিক স্বল্পমেয়াদি চুক্তি।
এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ। ২০২৭ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও।
বাংলাদেশের জন্য কাজটি সহজ হবে না। আরব আমিরাত ও সিরিয়া শক্ত প্রতিপক্ষ হলেও ভুটান ও ম্যাকাওয়ের বিপক্ষে ভালো ফল করার সুযোগ রয়েছে। তাই গ্রুপের শুরু থেকেই পয়েন্ট সংগ্রহ এবং গোল ব্যবধান ভালো রাখার দিকে নজর দিতে হবে।
অল্প সময়ের চুক্তি হলেও ডি ক্রুইফের বাংলাদেশের ফুটবল সম্পর্কে পূর্বঅভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা ছোটদের অভিযানে কাজে লাগতে পারে। এখন অপেক্ষা শুধু বাফুফের চূড়ান্ত সিদ্ধান্তের।
আরআই/আইএইচএস/


