‘ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো জ্যোতির নিজের সিদ্ধান্ত’

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ে কোনো ম্যাচেই তাদের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সম্প্রতি এশিয়া কাপের সেমিফাইনালের পর এটা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন হাত না মেলানো পুরো জ্যোতির ...

ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ে কোনো ম্যাচেই তাদের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সম্প্রতি এশিয়া কাপের সেমিফাইনালের পর এটা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন হাত না মেলানো পুরো জ্যোতির নিজের সিদ্ধান্ত।  

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকের এক প্রশ্নে বাবু বলেন, ‘অবশ্যই এটা তার নিজের সিদ্ধান্ত। আর আমরা একটা জিনিস মনে করি, খেলাধুলার মাধ্যমে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হয়। যদি খেলাধুলার মাধ্যমে বিভেদের সৃষ্টি হতো, তাহলে ইরান কোনোদিনও আমেরিকায় খেলতে যেতো না। সুতরাং আমরা চাই, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা সব দেশের সঙ্গেই থাকুক। এটা ভারত বলে নয়, সবার সাথেই থাকুক। আর যে যেটা করেছে, সেটা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা আমরা কিছুই জানি না।’ 

সাম্প্রতিক সময়ে নারী দলের অধিনায়ক ও কোচিং প্যানেল নিয়ে নানা সমালোচনা হচ্ছে। তবে আসন্ন এশিয়ান গেমসের পরেই এসব বিষয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি। এ প্রসঙ্গে বাবু বলেন, ‘ইনশাআল্লাহ আমরা দেখি। যেহেতু ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে, তারা এশিয়ান গেমসে কেমন খেলে, সেটা দেখি। আমরা আশা করছি তারা ভালো খেলবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব, আসলে কী করা যায়। এরপর আমাদের অস্ট্রেলিয়া ট্যুর আছে, নিউজিল্যান্ড ট্যুর আছে, আরও অনেক কিছু করার আছে আমাদের, ইনশাআল্লাহ।’ 

বিশেষ করে নারী দলের অধিনায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ অনেক দিন ধরে আসছে এবং তার পারফরম্যান্সও দীর্ঘদিন ধরে খুব খারাপ যাচ্ছে। জাতীয় দলের পুরুষ ক্রিকেটে আমরা খুব দ্রুতই কয়েকজন অধিনায়ক পরিবর্তন হতে দেখেছি। খুব নামকরা অধিনায়ক, তারকারাও সরে গেছেন।

নারী দলের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে কী ভাবছেন? প্রশ্নে এই বিসিবি পরিচালক বলেন, ‘আমরা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আমাদের বোর্ড প্রেসিডেন্টসহ সবাই আলোচনা করেছি। ইনশাআল্লাহ দেখবেন, যেহেতু এশিয়ান গেমসে নাম অনেক আগে দিতে হয়, আপনারা এটা জানেন। সুতরাং এখানে সবকিছুই ঠিকঠাকমতো করা হয়েছে। আর যে অভিযোগগুলো আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’ 

এশিয়ান গেমসে ভালো করলে কি অধিনায়ক হিসেবে জ্যোতি থেকে যাবেন? বাবুর উত্তর, ‘না। তারপরে আমাদের দলে অনেক ঘাটতি আছে। আমরা বড় বড় দেশগুলোকে তো পরাজিত করতে পারিনি। বিশ্বকাপেও কিন্তু আমরা অনেক ভালো খেলেছি, তারপরও সামান্য ভুলের জন্য পরাজিত হয়েছি। সেই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করছি-কীভাবে এই দলটাকে আরও সুন্দর করা যায় এবং শক্তিশালী করা যায়, সেটা নিয়ে কাজ করছি।’ 

এসকেডি/এমএমআর

 

Original Source
https://www.jagonews24.com/sports/cricket/1156449
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World