ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে বিসিআই

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সক্ষমতা বাড়ানো ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সবসময় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিসিআই বোর্ডরুমে ‘সরকারি ক্রয় আইন ও বিধিমালা এবং ই-জিপি ব্যবস...

দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সক্ষমতা বাড়ানো ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সবসময় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মিসেস প্রীতি চক্রবর্তী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিসিআই বোর্ডরুমে ‘সরকারি ক্রয় আইন ও বিধিমালা এবং ই-জিপি ব্যবস্থা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রীতি চক্রবর্তী বলেন, ‘বিসিআই সবসময় ব্যবসায়ী সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রশিক্ষণ ই-জিপি ব্যবস্থার কারিগরি দিক সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনে সহায়ক হবে। এর মাধ্যমে ব্যবসায়ীরা সরকারি ক্রয় কার্যক্রমে আরও দক্ষতার সঙ্গে অংশ নিতে পারবেন এবং ব্যবসায়িক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সক্ষম হবেন।’

সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সরকারি ক্রয় আইন ও ২০২৫ সালের সরকারি ক্রয় বিধিমালার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং ই-জিপি ব্যবস্থার কার্যপদ্ধতি ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির সাবেক সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহম্মেদ।

কর্মশালার প্রথম ও দ্বিতীয় অধিবেশনে এস এম মঈন উদ্দীন আহম্মেদ সরকারি ক্রয় আইন ও বিধিমালার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে তুলে ধরেন। পাশাপাশি সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও ডিজিটাল ব্যবস্থাপনা নিশ্চিত করতে ই-জিপি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন তিনি।

আলোচনায় সরকারি দরপত্রে কীভাবে ই-জিপি ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণ করতে হয়, দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন ধাপ কী এবং কীভাবে এ ব্যবস্থার মাধ্যমে সময় ও শ্রম সাশ্রয় করে সরকারি ক্রয় কার্যক্রমে অংশ নেওয়া যায়- এসব বিষয়ও বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বিসিআইয়ের সদস্য, সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান, আইনজীবী, উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারীরা নানা প্রশ্ন করেন এবং প্রশিক্ষক সেসব প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। এ সময় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) সংগঠনটির ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিসিআই নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে আসছে। ভবিষ্যতেও ব্যবসায়ীদের প্রয়োজন ও সময়ের চাহিদা অনুযায়ী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরে বিসিআই সভাপতি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। একই সঙ্গে কর্মশালায় অংশ নেওয়ার জন্য প্রশিক্ষক ও সব অংশগ্রহণকারীকে বিসিআইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, সরকারি ক্রয় আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি ই-জিপি ব্যবস্থার ব্যবহারিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ায় কর্মশালাটি তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সরকারি দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে প্রশিক্ষণটি তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।

ইএইচটি/এমএএইচ/

Original Source
https://www.jagonews24.com/economy/news/1156470
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World