জ্বালানি সাশ্রয়ের মধ্যে মার্চের চেয়ে জুলাইয়ে খরচ বেড়েছে সোয়া লাখ টাকা
বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারি নির্দেশনা থাকলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তরে জ্বালানি ব্যয় কমেনি। বরং কয়েকটি দপ্তরে সর্বশেষ মাসে আগের মাসের তুলনায় ব্যয় বেড়েছে।
চলতি বছরের ৫ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস ও অন্যান্য জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করে। এতে জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সব নাগরিককে অবিলম্বে সাশ্রয়মূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভায় জ্বালানি খরচের এ হিসাব উপস্থাপন করা হয়।
এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্বালানি ব্যয়ের তুলনামূলক চিত্রে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে ব্যয় হয়েছে ২ লাখ ২৯ হাজার ২৫৫ টাকা। ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় ১ লাখ ৮৫ হাজার ৬২৩ টাকা এবং মার্চে ১ লাখ ৬৬ হাজার ৪৫৫ টাকা। এরপর এপ্রিল মাসে ব্যয় বেড়ে হয় ২ লাখ ২৭ হাজার ২৫৪ টাকা। মে মাসে ২ লাখ ৩৯ হাজার ৯৮৬ টাকা, জুনে ২ লাখ ৫৪ হাজার ৩৯৩ টাকা এবং জুলাইয়ে ২ লাখ ৮৬ হাজার ৭১৯ টাকা ৭৩ পয়সা ব্যয় হয়েছে।
অর্থাৎ মার্চের তুলনায় জুলাইয়ে মন্ত্রণালয়ের জ্বালানি ব্যয় বেড়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। জুনের তুলনায়ও জুলাইয়ে ব্যয় বেড়েছে ৩২ হাজার ৩২৬ টাকা।
মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে ১১টি জিপ, ৬টি মাইক্রোবাস, ২টি মোটরসাইকেল ও একটি জেনারেটরে জ্বালানি ব্যবহার করা হয়। এ দপ্তরেও মাসভেদে জ্বালানি ব্যয়ে ওঠানামা রয়েছে। জুলাইয়ে সেখানে জ্বালানি বাবদ ব্যয় হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ২১৯ টাকা। মার্চে ব্যয় ছিল ১৮ লাখ ৭ হাজার ৮২৯ টাকা।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানেও জুলাইয়ে জ্বালানি ব্যয় আগের মাসের তুলনায় বেড়েছে। জুনে ৫ লাখ ৬৬ হাজার ১৫৭ টাকা ব্যয় হলেও জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬ হাজার ৫৯৭ টাকা।
প্রতিষ্ঠানটির ব্যাখ্যায় বলা হয়েছে, জ্বালানির মূল্য বৃদ্ধি, ক্যাডেটদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র সাভারে হওয়ায় গাড়ির ব্যবহার বৃদ্ধি এবং লোডশেডিং বেশি হওয়ায় ক্যাডেট ও ট্রেনিজ হোস্টেলে জেনারেটর ব্যবহার বাড়ায় ব্যয় বেড়েছে।
এর আগে এপ্রিল মাসেও প্রতিষ্ঠানটির জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। মার্চে ৪ লাখ ১৯ হাজার ৫৩৮ টাকা ব্যয়ের বিপরীতে এপ্রিলে ব্যয় হয় ৫ লাখ ৬৯ হাজার ৭০১ টাকা। তখন এসএসসি পরীক্ষার কেন্দ্র সাভারে হওয়া, তৃণমূল ক্যাম্প ও আত্মরক্ষা প্রকল্পের ক্যাম্প এবং লোডশেডিংয়ের কারণে জেনারেটর ব্যবহার বৃদ্ধিকে ব্যয় বাড়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়।
আরএমএম/জেএইচ