‘তাকে ১৬ বার আউট করেছি’- কার কথা স্মরণ করলেন ডেল স্টেইন?
বিশ্বের অন্যতম ভয়ংকর ফাস্ট বোলার ছিলেন ডেল স্টেইন। গতি, আগ্রাসন আর সুইং- তিনের মিশেলে ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে উঠেছিলেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। ক্যারিয়ারে অসংখ্য ব্যাটারের বিপক্ষে বোলিং করলেও বিশেষ একজনকে নিয়ে এখনো আলাদা স্মৃতি রয়েছে স্টেইনের। তিনি পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
হাফিজকে কেন এতটা মনে রেখেছেন স্টেইন? কারণ, তার ভাষায়, ক্যারিয়ারে এই ব্যাটারকে তিনি প্রায় ১৬ বার আউট করেছেন।
দক্ষিণ আফ্রিকান সাবেক পেসার ভারনন ফিল্যান্ডারের এক প্রশ্নের জবাবে স্টেইনকে জিজ্ঞেস করা হয়েছিল- কোন ব্যাটারের বিপক্ষে আবার বল করতে সবচেয়ে বেশি আগ্রহী হতেন?
উত্তরে স্টেইন বলেন, ‘সম্ভবত মোহাম্মদ হাফিজ। আমি সম্ভবত তাকে ১৬ বার আউট করেছি। তাই শুধু তার নামটাই বলব- কারণ আমি তাকে আউট করেছি।’
স্টেইনের ক্যারিয়ার অবশ্য শুধু হাফিজকে আউট করার সংখ্যায় সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। টেস্টে ৯৩ ম্যাচে নিয়েছেন ৪৩৯ উইকেট। ওয়ানডেতে ১২৫ ম্যাচে শিকার করেছেন ১৯৬ উইকেট। আর ৪৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার উইকেট ৬৪টি।
তিন সংস্করণ মিলিয়ে স্টেইনের আন্তর্জাতিক উইকেটসংখ্যা ৬৯৯। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার দাপট ছিল অসাধারণ। ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটারের কাছাকাছি গতির সঙ্গে বলের ম্যুভমেন্ট এবং ব্যাটারকে চাপে রাখার আগ্রাসী মানসিকতা তাকে আলাদা করে তুলেছিল।
এ কারণেই আধুনিক ক্রিকেটের সেরা ফাস্ট বোলারদের আলোচনায় নিয়মিত উঠে আসে স্টেইনের নাম। তার গতি ও আগ্রাসনের সঙ্গে বল সুইং করানোর দক্ষতা ছিল ভয়ংকর এক সমন্বয়।
সূর্যবংশীকে নিয়ে স্টেইনের বিস্ময়কর ভবিষ্যদ্বাণী
সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় বৈভব সূর্যবংশীকে নিয়েও বড়সড় মন্তব্য করেছেন স্টেইন। তার মতে, এই তরুণ ভবিষ্যতে এমন উচ্চতায় যেতে পারেন, যেখানে ছাড়িয়ে যেতে পারেন ভারতের দুই কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকার ও বিরাট কোহলিকেও।
আইপিএলে খেলার অভিজ্ঞতা থাকা স্টেইন ২০২৬ মৌসুমে সূর্যবংশীর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন। মাত্র ১৪ বছর বয়সী এই বাঁ-হাতি কিশোর ব্যাটার আইপিএল ২০২৬-এ ৭৭৬ রান করে জিতেছেন অরেঞ্জ ক্যাপ। এরপর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার এসএ২০-এর পঞ্চম মৌসুম সামনে রেখে আয়োজিত এক মিডিয়া ইন্টারঅ্যাকশনে স্টেইন বলেন, ‘সূর্যবংশী একেবারেই অন্যরকম। এই মুহূর্তে সে বেশিরভাগ আন্তর্জাতিক খেলোয়াড়ের চেয়েও ভালো। সে একজন বিস্ময়বালক, ভারতীয় ক্রিকেটের জন্য একটি সম্পদ।’
শুধু প্রশংসাতেই থামেননি স্টেইন। সূর্যবংশীর সম্ভাবনার সঙ্গে শচিন ও কোহলির তুলনা টেনে আরও বড় ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। ‘আপনি শচিন, বিরাটের মতো খেলোয়াড়দের কথা ভাবেন। আর এই ছেলেটা বিস্ফোরিত হতে যাচ্ছে। ক্যারিয়ার শেষে সে তাদের দুজনের সম্মিলিত অর্জনের চেয়েও বড় হয়ে উঠতে পারে,’ বলেন স্টেইন।
তবে এমন সম্ভাবনার সঙ্গে বড় দায়িত্বও আছে বলে মনে করেন তিনি। এত অল্প বয়সে আলোচনার কেন্দ্রে উঠে আসা সূর্যবংশীকে সঠিকভাবে সামলানোর পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি। স্টেইনের সতর্কবার্তা, ‘তাকে কিভাবে পরিচালনা করবেন এবং কিভাবে যত্ন নেবেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ বড় দায়িত্বের সঙ্গে বড় পুরস্কারও আসে।’
একই সঙ্গে বিপদের দিকটিও তুলে ধরেছেন তিনি। অতিরিক্ত চাপ, ভুল ব্যবস্থাপনা কিংবা অতি দ্রুত প্রত্যাশার বোঝা চাপিয়ে দিলে এই প্রতিভাকে হারানোর ঝুঁকি রয়েছে বলে মনে করেন স্টেইন।
‘আপনি যদি তাকে যথেষ্ট ভালোভাবে দেখাশোনা না করেন, তাহলে একটা বড় ঝুঁকি আছে- কোনো একসময় তাকে হারিয়ে ফেলতে পারেন,’ যোগ করেন তিনি। একদিকে নিজের ক্যারিয়ারে ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন হয়ে থাকা স্টেইন এখন নতুন প্রজন্মের এক ব্যাটিং প্রতিভার ভবিষ্যৎ নিয়ে এমন উচ্চাকাঙ্ক্ষী ভবিষ্যদ্বাণী করছেন।
আইএইচএস/