ডেঙ্গু প্রতিরোধে পুলিশের পরিচ্ছন্নতা অভিযান
সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছে জেলা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সে এই পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা হাতে হাত মিলিয়ে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পরিচ্ছন্নতাকর্মীরাও অভিযানে অংশ নিয়ে দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য অপসারণ করেন। সেই সঙ্গে পুলিশ স্থাপনার আশপাশে জমে থাকা বৃষ্টির পানি, ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
সাইফুল ইসলাম সানতু জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে এই পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়। তিনি প্রত্যেককে নিয়মিতভাবে বর্জ্য অপসারণ ও যেখানে-সেখানে ময়লা না ফেলার পরামর্শ দেন।
এদিকে, পুলিশের এমন অংশগ্রহণে পরিচ্ছন্নতার অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ সচেতন হয়ে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখলে ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি সিরাজগঞ্জকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।
এম এ মালেক/কেজে



