ডেঙ্গু প্রতিরোধে ঢাবিতে ছাত্রদলের ২ দিনের সচেতনতামূলক কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সরকারের চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর ধারাবাহিকতায় এসব কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশাসনের পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি দেওয়া হবে। একই সঙ্গে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন ও লিফলেট বিতরণ করা হবে।
এছাড়া ১৪ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখাগুলোর উদ্যোগে স্ব-স্ব হল প্রশাসনের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার লক্ষ্যে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি হলগুলোতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচি গ্রহণ করেছেন।
সংগঠনটির দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মলিক ওয়াসি উদ্দিন তামীর সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরটি/এমআইএইচএস