দক্ষিণ আফ্রিকার মাটিতে দাপুটে জয়ে সিরিজ রিশাদ-সাইফদের দখলে
পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হেসেখেলেই হারালো বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৫ উইকেট আর ১০২ বল হাতে রেখে হারিয়েছে তাওহীদ হৃদয়ের দল। বৃষ্টির কারণে প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই জয়েই ১-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’।
সেনওয়েস পার্কে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে চাপে রাখে বাংলাদেশ। ৪০ ওভারে ১৮২ রানে অলআউট হয় স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক মার্কেস অ্যাকারম্যান। ৬৭ বলে ৭টি চার মেরে ইনিংসটি সাজান তিনি। জুবাইর হামজা করেন ৩১ রান। শেষ দিকে ইমরান মানাকের ৫৩ বলে ৪৩ রানের ইনিংস দলকে ১৮০ পেরোতে সাহায্য করে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। আলিস আল ইসলামও দুর্দান্ত বোলিং করে ১০ ওভারে ৩৫ রানে ৩ উইকেট শিকার করেন। এ ছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও সাইফ হাসান নেন একটি করে উইকেট।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম মিলে গড়ে দেন বড় জয়ের ভিত। সাইফ ৫৩ বলে ৬১ রান করেন, যাতে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। নাঈম ৭৭ বলে ৬০ রানের ইনিংসে মারেন ৬টি চার ও একটি ছক্কা।
তাদের বিদায়ের পর পারভেজ হোসেন ইমন ১৭ বলে ১৬ এবং নুরুল হাসান ২২ বলে ১৬ রান করেন। শেষ পর্যন্ত রিশাদ হোসেন ১৪ বলে ৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে বাংলাদেশ, হাতে থাকে ১৭ ওভার।
এমএমআর


