লালন কন্যা ফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠান
‘লালন কন্যা’খ্যাত প্রখ্যাত লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর)। কিংবদন্তিতুল্য এই শিল্পীকে স্মরণ করে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই।
মৃত্যুর এক বছর পরও তার কণ্ঠে গাওয়া লালনের গান, সংগীতের প্রতি নিবেদন ও সাধনার স্মৃতি শ্রোতাদের হৃদয়ে অমলিন। সেই স্মৃতিকে ধারণ করেই চ্যানেল আইয়ের পর্দায় থাকছে বিশেষ অনুষ্ঠান।
ফরিদা পারভীনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিনিয়র সাংবাদিক আবদুর রহমানের পরিচালনা ও উপস্থাপনায় প্রচার হবে বিশেষ সাময়িকী। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৮ মিনিটে চ্যানেল আইয়ে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
এ ছাড়া সকাল ৭টার সংবাদের পর প্রচারিত ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানেও স্মরণ করা হবে ফরিদা পারভীনকে। এতে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত বংশীবাদক গাজী আবদুল হাকিম।
১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংগীতজীবন শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে পরিচিতি পাওয়ার পর সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নেন তিনি। এরপর লালনের গানকে নিজের সাধনা ও জীবনদর্শনের অংশ করে নেন এই শিল্পী।
ধীরে ধীরে লালনসংগীতের অন্যতম প্রধান শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন ফরিদা পারভীন। তার কণ্ঠে লালনের গান পেয়েছে স্বতন্ত্র এক আবহ, যা তাকে শ্রোতাদের কাছে দিয়েছে আলাদা পরিচিতি।
শুধু গান পরিবেশনেই সীমাবদ্ধ ছিলেন না এই শিল্পী। নতুন প্রজন্মের কাছে লালনসংগীত পৌঁছে দিতে গড়ে তুলেছিলেন ‘অচিন পাখি স্কুল’। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে একুশে পদক লাভ করেন তিনি। এ ছাড়া পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগার পর ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে মারা যান ফরিদা পারভীন। তার চলে যাওয়ার এক বছর পরও লালনসংগীতে তার অবদান ও সৃষ্টি শ্রোতা-ভক্তদের কাছে স্মরণীয় হয়ে আছে।
এমএমএফ/জেআইএম




