এশিয়ান গেমসের পরই নারী দলের দায়িত্বে আসছেন নতুন হেড কোচ
এশিয়া কাপের হতাশাজনক বিদায়ের পর নারী দলের কোচিং স্টাফে পরিবর্তনের গুঞ্জন ভাসছিল। সেটাই সত্যি হতে চলেছে। নারী ক্রিকেট দলের জন্য নতুন প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্পকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাগো নিউজকে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে দুই বছরের চুক্তির পরিকল্পনা রয়েছে।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়নি। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগেই নারী দলের দায়িত্ব বুঝে নেবেন ৫৫ বছর বয়সী এই কোচ।
ভারতের কাছে ৪০ রানের হারে বৃহস্পতিবার এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় নিগার সুলতানা জ্যোতির দল। পুরো টুর্নামেন্টে ব্যাটিং ছিল দলের সবচেয়ে বড় দুর্বলতা। সেমিফাইনালে বোলাররা ভালো অবস্থান তৈরি করলেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এর সঙ্গে চারটি ক্যাচ মিসও যোগ হয়। ফলে ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফ নিয়েও প্রশ্ন ওঠে।
এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই চলতি মাসে এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ নারী দল। সেখানে বর্তমান দল নিয়েই খেলবে তারা। এরপরই নতুন প্রধান কোচের অধীনে কাজ শুরু করার কথা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেটে অবশ্য হেম্প নতুন কেউ নন। ২০২৩ সালে হাই পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রামের দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটে কাজ শুরু করেন তিনি। পরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নারী দলের সঙ্গেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। চলতি বছরের শুরুতে নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি।
নারী ক্রিকেটে হেম্পের আন্তর্জাতিক অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া নারী দল এবং নারী বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন স্টার্সের সঙ্গেও কাজ করেছেন।
খেলোয়াড় হিসেবেও হেম্পের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। সাবেক বারমুডা আন্তর্জাতিক ক্রিকেটার এই বাঁহাতি টপ-অর্ডার ব্যাটার ২৭১টি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ১৫ হাজার ৫২০ রান। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বারমুডার হয়ে খেলেছেন তিনি।
এসকেডি

