ধর্ষণের পর তরুণীকে হত্যা, প্রেমিকসহ দুজনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন ও মৃত ইশাদ উল্লাহর ছেলে মো. গোলাম হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। একজন প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে। অপরজন বিষয়টি দেখে ধর্ষণ করতে চান। পরে দুজন মিলে মেয়েটিকে হত্যা করেন। এটি চরম অমানবিক একটি বিষয়।’
আইনজীবী আরও বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। আসামিদের মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।’
মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন একই গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন। ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন খলিল। বিষয়টি দেখে ফেলেন গোলাম হোসেন। তিনি ওই তরুণীকে ধর্ষণ করতে চান। পরে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে গোলাম হোসেন ও খলিল মিলে তাকে হত্যা করেন। তথ্য-প্রমাণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এএসএম

