ছোটবেলার বন্ধুকে সান্তোসে পেয়ে উচ্ছ্বসিত নেইমার
ছোটবেলার বন্ধুকেই শেষ বয়সে এসে সতীর্থ হিসেবে পেতে যাচ্ছেন নেইমার। সান্তোসে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের সাবেক ফুটবলার কৌতিনহো। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কৌতিনহোর ব্যাপারে ঘোষণা দেয়নি সন্তোস।
যদিও ক্লাব সান্তোসের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে পারলেন না নেইমার। বন্ধুর নতুন ঠিকানা যে সান্তোস- ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করে দিলেন ব্রাজিলিয়ান তারকা। শুধু তাই নয়, ছোটবেলার বন্ধু ফিলিপে কৌতিনহোকে নতুন ক্লাবে স্বাগতও জানালেন তিনি।
কৌতিনহোর সান্তোসে যোগ দেওয়ার খবরটি নেইমার নিজেই যেন ‘ফাঁস’ করে দিলেন। একটি ভিডিও পোস্ট করে বন্ধুকে স্বাগত জানানোর পাশাপাশি আবেগঘন বার্তাও লিখেছেন ব্রাজিলের এই তারকা। ‘এটা যদি স্বপ্ন হয়, তাহলে আমি জেগে উঠতে চাই না’- কৌতিনহোকে স্বাগত জানিয়ে এমনই লিখেছেন নেইমার।

দুই বন্ধুর সম্পর্ক অবশ্য আজকের নয়। কৈশোর থেকেই একে অপরকে চেনেন নেইমার ও কৌতিনহো। বয়সভিত্তিক ব্রাজিল দল থেকে শুরু করে পরে জাতীয় দলের সিনিয়র পর্যায়েও একসঙ্গে খেলেছেন তারা। তবে ক্লাব ফুটবলে এতদিন পর্যন্ত একই দলের জার্সিতে দেখা যায়নি দু’জনকে। এবার সেই অপেক্ষারও অবসান হতে যাচ্ছে।
সান্তোসের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই কৌতিনহোকে স্বাগত জানিয়ে ভিডিও প্রকাশ করেন নেইমার। ভিডিওতে কৌতিনহোও বন্ধুকে ধন্যবাদ জানান। তার কথায় ইঙ্গিত মেলে, সান্তোসে আসার পেছনে নেইমারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
অর্থাৎ শুধু একই ক্লাবে খেলার সুযোগ নয়, কৌতিনহোর সান্তোসে ফেরার পথ তৈরিতেও নেইমারের প্রভাব ছিল বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিনের বন্ধুত্ব এবার রূপ নিতে যাচ্ছে ক্লাব সতীর্থতায়।
নেইমার ও কৌতিনহোর বন্ধুত্বের শুরু ব্রাজিলের যুব দলের সময় থেকে। বয়সভিত্তিক দলের হয়ে একসঙ্গে খেলার পর জাতীয় দলের জার্সিতেও তারা বহু ম্যাচে পাশাপাশি ছিলেন। কখনো কখনো ক্লাব ফুটবলে একে অপরের প্রতিপক্ষও হয়েছেন। কিন্তু একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম হতে যাচ্ছে।
৩৪ বছর বয়সী কৌতিনহো সান্তোসে যোগ দিচ্ছেন ফ্রি এজেন্ট হিসেবে। ভাস্কো দা গামার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সান্তোসের সঙ্গে তার চুক্তির প্রক্রিয়া এগোয়। মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করেছেন তিনি।
সান্তোসের সঙ্গে কৌতিনহোর চুক্তিটি স্বল্পমেয়াদি হওয়ার কথা। আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হওয়ার পরই ক্লাবের পক্ষ থেকে তার আগমনের ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই আনুষ্ঠানিকতার আগেই নেইমারের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে খবরটি প্রকাশ্যে চলে আসে।
বন্ধুর নতুন ক্লাবে আসার আনন্দ তাই আর ধরে রাখতে পারেননি নেইমার। সান্তোসের ঘোষণা দেওয়ার আগেই তিনি নিজের মতো করে কৌতিনহোকে স্বাগত জানিয়ে দিলেন।
আইএইচএস/


