আবেদপুত্র সিয়ামের মামলায় সাক্ষ্য শেষ, আত্মপক্ষ শুনানি ২৪ সেপ্টেম্বর
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ওরফে আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলাটিতে দুদকের উপ-সহকারী পরিচালক ও বাদী জাকির হোসেনসহ ১১ সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দিয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি.এম. তারিকুল কবীরের আদালতে মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে জাকির হোসেনের সাক্ষ্য নেওয়া হয়। পরে আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম তাকে জেরা করেন। জেরা শেষ হওয়ায় মামলাটি এখন আত্মপক্ষ শুনানির পর্যায়ে যাচ্ছে।
সিয়ামের আত্মপক্ষ শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন আদালতে সিয়ামের জামিনের আবেদন করেন তার আইনজীবী রেজাউল করিম। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী এর বিরোধিতা করেন। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৫ সালের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন।
মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে সিয়ামের ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মামলাটি তদন্তের পর একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা জাকির হোসেন। তদন্তে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এরপর গত ১৭ জুন সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই আদালত। ওইদিনই মামলাটির বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
অভিযোগ গঠনের পর ধারাবাহিকভাবে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়। রোববার বাদী ও তদন্ত কর্মকর্তা জাকির হোসেনের জবানবন্দি ও জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে মামলাটির ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
এমডিএএ/এমকেআর


