গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণ অতিষ্ঠ, সরকার ৬ মাসে চরম ব্যর্থ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেছেন, বর্তমান সরকারের ছয় মাস চরম ব্যর্থতার। জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণও মারাত্মক আকার ধারণ করেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার বাঙ্গরা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস না করার কথা বললেও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোরআনের নির্দেশনার বিরুদ্ধে গিয়ে ‘হেবা আইন ২০২৬’ পাস করা হয়েছে। বিদেশি প্রভুদের খুশি করতেই এ আইন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘এ আইন বাতিল করতেই হবে। আইনমন্ত্রী বলছেন, আইনটি বাতিলের সুযোগ নেই। আর আমরা বলছি, এ আইন বাতিল করতেই হবে। অন্যথায় সর্বত্র প্রতিবাদের আগুন জ্বলে উঠবে। যার পরিণতি হবে সরকারের পদত্যাগ।’
দলের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, ইসলামের আদর্শের আলোকে নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। চরিত্র, লেনদেন ও সামাজিক আচরণে স্বচ্ছ থাকতে হবে। দ্বিমুখী আচরণ পরিহার করে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি দেলাওয়ার আমিন। পরে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করে নির্বাচিত দায়িত্বশীলদের শপথ পড়ানো হয়।
সোমবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এ তথ্য জানান।
এমইউ/এমএমকে



