কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরের হাসপাতালে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প। চোখে ঝাপসা দেখা, ব্যথা, ছানি কিংবা দীর্ঘদিনের নানা সমস্যা নিয়ে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন চোখের চিকিৎসা করাতে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন তহিরন নেছা হাসপাতা...

কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরের হাসপাতালে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প। চোখে ঝাপসা দেখা, ব্যথা, ছানি কিংবা দীর্ঘদিনের নানা সমস্যা নিয়ে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন চোখের চিকিৎসা করাতে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন তহিরন নেছা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এমন দৃশ্য দেখা গেছে। তাদের ভাষ্য, কেউ এসেছেন মাইকের প্রচার শোনে। আবার কেউবা এসেছেন ফেসবুকে দেখে।

হাসপাতালে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম। এ কাজে সহযোগিতা করছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন, দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল। দুইদিনে প্রায় চার হাজার মানুষকে সেবা প্রদান করা হবে। তারমধ্যে অন্তত দুই হাজার জনের ছানি অপারেশন করা হবে।

২০০৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

খোকসা থেকে আসা ষাটোর্ধ্ব মো. আজাহার বলেন, 'এখান থেকে গতবছর এক চোখের ছানি অপারেশন করেছিলাম। টাকা পয়সা লাগেনা। সেবার মানও ভালো। আরেক চোখে ঝাপসা দেখছি। তাই আবার আসছি।'

ফেসবুকে বিনামূল্যে চিকিৎসার কথা শুনে কুষ্টিয়ার জগতি থেকে এসেছেন গৃহিণী জেসমিন বেগম। তিনি বলেন, ‘ছানি কাটতে এক ক্লিনিক ৬০ হাজার টাকা চাইছে। সবাই বলল আলাউদ্দিন নগরের বিনামূল্যের চিকিৎসা ভালো। সেজন্য আসছি। এখানে অনেক লোকের ভিড় দেখে মনে হচ্ছে চিকিৎসা ভালোই হয়।’

কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের মহননগর পশ্চিমপাড়ার সিরাজুল ইসলামের কৃষক ছেলে ওহিদুল ইসলাম বলেন, 'মাইকে শুনে সকাল ৬টার দিকে এসেছি। ডাক্তার দেখানো, পরীক্ষা - নিরীক্ষা সব ফ্রি। একটা চশমাও দিয়েছে ফ্রি। খুব ভালো চিকিৎসা।

কুষ্টিয়ার উদিবাড়ি থেকে এসেছেন মঞ্জুয়ারা খাতুন ( ৫৭)। তিনি বলেন, 'চোখে ছানি পড়েছে। বাইরের ডাক্তার ২৫ - ৩০ হাজার টাকা চেয়েছে। কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি।'

নাম প্রকাশে অনিচ্ছুক এক বেসরকারি চাকুরিজীবী বলেন, 'এখানে ধনী - গরিব সব শ্রেণির মানুষই আসে। সেবার মানও ভালো। বৃদ্ধ বাবাকে নিয়ে এসেছি। বিনামূল্যে চোখের ছানি অপারেশন করাবো।'

আলাউদ্দিন আহমেদ কলেজের শিক্ষক আরিফুল ইসলাম বলেন, দানবীর আলাউদ্দিন আহমেদ মানুষের কল্যাণে মহৎ কাজ করে চলেছেন। আরও আলাউদ্দিন তৈরি হলে সমাজের কেউ আর চোখের জ্যোতি হারাবেনা।

চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের নিবন্ধন, লাইনে শৃঙ্খলা এবং প্রয়োজনীয় সহায়তায় কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। এমন মানবিক কর্মসূচিতে যুক্ত থাকতে পেরে আনন্দিত স্বেচ্ছাসেবী রুমা খাতুন।

খুলনা বিএনএসবি হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. বাপ্পী বলেন, প্রতিবছরের ন্যায় চলছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের ক্যাম্প। এখানে বয়স্ক রোগীদের সংখ্যা বেশি।

অর্থের অভাবে যেন কোনো সুবিধাবঞ্চিত মানুষের চোখের আলো নিভে না যায়। সেজন্য আলাউদ্দিন আহমেদ ২০০৪ সাল থেকে বিনামূল্যে এমন ক্যাম্প চালিয়ে আসছেন বলে জানিয়েছেন তহিরন নেছা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, গতবছর থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। তারমধ্যে প্রায় ২২ হাজার মানুষ ছানি অপারেশনের রোগী রয়েছে। এবছর প্রায় চার হাজার জনকে সেবাদানের লক্ষ্যমাত্রা রয়েছে। তারমধ্যে দুই হাজার জনের ছানি অপারেশন করা হবে।

আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোর্শেদ আলম জানান, বাছাইকৃত রোগীদের খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করা হয়। থাকা, খাওয়া, যাতায়াত, চিকিৎসা সবই বিনামূল্যে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে।

আল-মামুন সাগর/কেজে/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156780
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World