চবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই দিনব্যাপী ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলন ২০২৬ এর উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ-বাংলাদেশ সেন্টার (RCASBC) ও চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যৌথ উদ্যোগে ‘Rethinking Rule-Based Global Order: Middle and Small States in a Changing World’ প্রতিপাদ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
জানা যায়, সম্মেলনে বিশ্বের ২৪টি দেশ থেকে মোট ৪৫৭টি গবেষণা-সারসংক্ষেপ জমা পড়েছে। এসব গবেষণায় এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের গবেষকদের অংশগ্রহণ রয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীন, জাপান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে একটি দেশের অর্থনীতি, সমাজ ও সামগ্রিক উন্নয়নকে নতুনভাবে রূপ দেওয়া সম্ভব। এ ধরনের সময়োপযোগী সম্মেলনের মাধ্যমে নতুন ধারণা, চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগের সুযোগ তৈরি হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও জ্ঞানভিত্তিক আলোচনাকে উৎসাহিত করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় চবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী উপস্থিত ছিলেন।
এমএমআরআর/কেজে/এএসএম


