গোসলরত নারীদের ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জের বানিয়াচংয়ে গোসলরত নারীদের গোপনে মোবাইলে ছবি ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কয়েক দিন আগে কাটখাল গ্রামের একটি রাস্তার পাশের পুকুরে পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের কয়েকজন নারী গোসল করছিলেন। এ সময় স্থানীয় এরাজত মিয়ার পক্ষের দুই ছেলের বিরুদ্ধে তাদের গোপনে মোবাইল ফোনে ছবি ধারণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এর জেরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হন। গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, গোসলরত নারীদের গোপন ছবি মোবাইল ফোনে ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/এএসএম


