বলই ছোঁয়নি কেউ, তবু এক মিনিটেই গোল, ফুটবলে হাস্যকর আত্মঘাতী কাণ্ড!
ফুটবলে গোল মানেই সাধারণত দারুণ কোনো আক্রমণ, নিখুঁত পাস, দুর্দান্ত শট কিংবা প্রতিপক্ষের ভুলের সুযোগ নেওয়া। কিন্তু কখনো কখনো এমন গোলও হয়, যা দেখে খেলোয়াড় থেকে দর্শক- সবারই চোখ কপালে ওঠে। ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ঘটে যাওয়া এমনই এক কাণ্ড এখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায়।
ঘটনাটি বেশ পুরোনো। তবে সম্প্রতি সেই ভিডিও আবার ছড়িয়ে পড়েছে। আর ভিডিওটি দেখলে বোঝাই যায়, ফুটবলে কখনো কখনো গোল করার জন্য বল ছোঁয়ারও প্রয়োজন হয় না!
ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পোর্ত রেসিফে ও নভোরিজন্তিনো। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় নভোরিজন্তিনো। অবাক করার মতো বিষয় হলো, গোলটি করার সময় নভোরিজন্তিনোর কোনো খেলোয়াড় বলেই পা স্পর্ষ করেননি!
সতীর্থকে পাস, আর সোজা জালে বল
ম্যাচের শুরুতে বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল স্পোর্ত রেসিফে। নিজেদের রক্ষণভাগ থেকে গোলরক্ষকের দিকে বল বাড়িয়ে দেন ডিফেন্ডার অ্যালিসন ক্যাসিয়ানো।
উদ্দেশ্য ছিল খুবই স্বাভাবিক- গোলরক্ষক কাইকে ফ্রাঙ্কার কাছে বল দিয়ে দলীয় পজেশন ধরে রাখা। কিন্তু পাস দেওয়ার মুহূর্তে ক্যাসিয়ানো হয়তো কল্পনাও করেননি, তার এই সাধারণ ব্যাকপাসই মুহূর্তের মধ্যে দলের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে।
গোলরক্ষক তখন নিজের জায়গায় ছিলেন না। ফলে তার দিকে আসা বল থামানোর কোনো সুযোগই পাননি তিনি। ক্যাসিয়ানোর দেওয়া বলটি গড়িয়ে সোজা ঢুকে যায় স্পোর্ত রেসিফের জালে। অর্থাৎ প্রতিপক্ষের একজন খেলোয়াড়ও বল স্পর্শ না করেই নভোরিজন্তিনো পেয়ে যায় ১-০ গোলের লিড!
এমন গোল দেখে মাঠের খেলোয়াড়দের প্রতিক্রিয়াও ছিল অবিশ্বাস্য। কারণ একটি সাধারণ ব্যাকপাস কিভাবে মুহূর্তের মধ্যে আত্মঘাতী গোলে পরিণত হতে পারে, সেটিই যেন চোখের সামনে দেখল সবাই।
ভুলটা কার?
গোলটির জন্য মূলত রক্ষণভাগের খেলোয়াড় ও গোলরক্ষকের সমন্বয়হীনতাকেই দায়ী করা হয়েছে। ক্যাসিয়ানো যখন গোলরক্ষকের দিকে বল বাড়ান, তখন ফ্রাঙ্কা নিজের অবস্থান থেকে অনেকটা সামনে ছিলেন। ফলে বল তার নাগালের বাইরে চলে যায় এবং শেষ পর্যন্ত গোলের দিকে গড়িয়ে যায়।
Meanwhile in Brazil a team took the lead without even touching the ball pic.twitter.com/rJlab2tUY2
— Pulse Sports Nigeria (@PulseSportsNG) September 11, 2026
ফুটবলে গোলরক্ষকের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ, এই ঘটনা তারই এক অদ্ভুত উদাহরণ। একটি পাস দেখতে যতটা নিরীহ, ভুল সময়ে ভুল জায়গায় থাকা একজন গোলরক্ষকের কারণে সেটিই হয়ে উঠতে পারে ম্যাচের সবচেয়ে বড় বিপর্যয়।
আর এই গোলের বিশেষত্ব হলো- প্রতিপক্ষকে আক্রমণ করতে হয়নি, কোনো শটও নিতে হয়নি। নিজেদের খেলোয়াড়ের একটি পাসই যথেষ্ট ছিল গোলের জন্য!
ঘটনাটি এখন পুরোনো হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আবার ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে ফুটবলের অন্যতম অদ্ভুত ও বিব্রতকর গোল হিসেবে দেখছেন।
আইএইচএস/


