যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে বেরিয়ে গেলেন নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। উপস্থাপিকা হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর আসেন সিনেমায়। দুই বাংলার সিনেমাতেই তাকে দেখা গেছে। উপহার দিয়েছেন হিট ও ব্যবসা সফল সিনেমা। কাজ করেছেন দুই বাংলার সুপারস্টার নায়কদের বিপরীতে।
সম্প্রতি তিনি যুক্ত হয়েছিলেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এ। তবে শুটিং শুরুর আগেই সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নুসরাত ফারিয়া জানিয়েছেন, সিনেমাটির অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে তার পক্ষে আর কাজটি করা সম্ভব হচ্ছে না।
রায়হান খান পরিচালিত সিনেমাটিতে গত বছর যুক্ত হয়েছিলেন ফারিয়া। সিনেমা ছাড়ার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, রায়হান খান তার কাছের মানুষ। তার সঙ্গে সিনেমাটি নিয়ে কথাও হয়েছিল। তবে পরবর্তী সময়ে সিনেমাটির অভ্যন্তরীণ কিছু সমস্যার কথা জানতে পারেন তিনি।
ফারিয়ার ভাষায়, ‘এখানে আইনজীবী চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু এই সিনেমাটি আমি করছি না। শুনেছি, এই সিনেমার অভ্যন্তরীণ কিছু সমস্যা হয়েছে। এ কারণে সিনেমাটির সঙ্গে থাকা সম্ভব হচ্ছে না।’
জানা গেছে, সিনেমায় ফারিয়ার অংশের শুটিং এখনো শুরু হয়নি। ‘ট্রাইব্যুনাল’-এর বেশিরভাগ অংশের শুটিং এরই মধ্যে হয়েছে। তবে ফারিয়ার চরিত্রের দৃশ্যগুলো মূলত আদালতকেন্দ্রিক হওয়ায় সেগুলোর শুটিং এখনো বাকি ছিল।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমার পার্টগুলো কোর্টরুম বেজ, তাই শুটিং করিনি। এখন আর সিনেমাটির সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’
২০১১ সালে চট্টগ্রামে এক নারীকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’।
সিনেমাটিতে ন্যায়বিচার, নৈতিকতা ও রাজনৈতিক প্রভাবের জটিল টানাপোড়েন তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।
নুসরাত ফারিয়ার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করার কথা তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, তানিয়া বৃষ্টি, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমাসহ অনেকের।
নুসরাত ফারিয়া সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর পর তার পরিবর্তে কে ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি।
এলআইএ


