৮ মাসে আপিল বিভাগে ১১ হাজারের বেশি মামলা নিষ্পত্তি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আট মাসে আপিল বিভাগে মোট ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে নতুন মামলা দায়ের হয়েছে ৯ হাজার ১৩৯টি। ফলে এ সময়ে দায়েরের তুলনায় ১ হাজার ৯৯৭টি মামলা বেশি নিষ্পত্তি হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত আপিল বিভাগে মামলা নিষ্পত্তি হয়েছে যথাক্রমে ৬ হাজার ৮৫৯টি, ৫ হাজার ৪০৬টি, ৫ হাজার ৩৪৯টি, ৫ হাজার ৩১২টি এবং ৭ হাজার ৫৫৩টি। অর্থাৎ, ওই পাঁচ বছরে গড়ে বছরে প্রায় ৬ হাজার ৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এর বিপরীতে, ২০২৬ সালের প্রথম আট মাসেই ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।
একই সময়ে নতুন মামলা দায়েরের পরিসংখ্যানেও পরিবর্তন দেখা গেছে। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত আপিল বিভাগে নতুন মামলা দায়ের হয়েছিল যথাক্রমে ৭ হাজার ৮০৬টি, ২৯ হাজার ১৬২টি, ১১ হাজার ৯৩৮টি, ২৯ হাজার ৯১৫টি এবং ১৭ হাজার ৯৮৪টি। চলতি বছরের প্রথম আট মাসে নতুন মামলা দায়ের হয়েছে ৯ হাজার ১৩৯টি।
প্রতিদিন গড়ে ৮৪ মামলা নিষ্পত্তি
চলতি বছরের প্রথম আট মাসের মাসভিত্তিক পরিসংখ্যানেও আপিল বিভাগে মামলা নিষ্পত্তির ধারাবাহিকতা দেখা গেছে।
জানুয়ারি মাসে ২০ কর্মদিবসে ২ হাজার ৭০৫টি, ফেব্রুয়ারি মাসে ১৮ কর্মদিবসে ২ হাজার ৭২৪টি, মার্চ মাসে ১০ কর্মদিবসে ১ হাজার ১০৭টি এবং এপ্রিল মাসে ১ হাজার ৩২১টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এছাড়া মে মাসে ১৫ কর্মদিবসে ৬৩৮টি, জুন মাসে ১৮ কর্মদিবসে ১ হাজার ৩২১টি, জুলাই মাসে ২২ কর্মদিবসে ৬৮৭টি এবং আগস্ট মাসে ১৯ কর্মদিবসে ৬৩৩টি মামলা নিষ্পত্তি হয়েছে।
উল্লিখিত আট মাসে আপিল বিভাগে মোট ১৩২ কর্মদিবসে ১১ হাজার ১৩৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৪১ হাজার ৫৫১টি। প্রথম আট মাসে দায়েরের তুলনায় নিষ্পত্তি বেশি হওয়ায় ৩১ আগস্ট শেষে বিচারাধীন মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৫৪টিতে।
হাইকোর্টে আট মাসে ৮৭ হাজারের বেশি মামলা নিষ্পত্তি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেও ২০২৬ সালের প্রথম আট মাসে মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।
অর্থাৎ, এ সময়ে গড়ে প্রতি মাসে প্রায় ১০ হাজার ৯৫০টি মামলা নিষ্পত্তি হয়েছে। চলতি বছরে মামলা নিষ্পত্তির এ হার বিচারপ্রার্থীদের দ্রুত বিচারপ্রাপ্তি এবং মামলা জট নিরসনে অগ্রগতির প্রতিফলন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত হাইকোর্ট বিভাগে ৭ হাজার ৭৩৯টি, ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ২৭ হাজার ৫৬০টি, জুলাই মাসে ৩২ হাজার ২১১টি এবং আগস্ট মাসে ২০ হাজার ৮৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।
অর্থাৎ, বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে হাইকোর্ট বিভাগে মামলা নিষ্পত্তির গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
একই সময়ে মামলা দায়ের হয়েছে যথাক্রমে ২২ হাজার ৯৯৯টি, ২৭ হাজার ৮০৩টি, ১০ হাজার ২৩২টি এবং ১৩ হাজার ৫৭৩টি।
মামলা নিষ্পত্তির পরিসংখ্যান অনুযায়ী, হাইকোর্ট বিভাগে ২০২১ সালে ২৩ হাজার ৬৫৪টি, ২০২২ সালে ৮৭ হাজার ৪৭৪টি, ২০২৩ সালে ৭৪ হাজার ২৭৮টি, ২০২৪ সালে ৩৮ হাজার ২৯৭টি এবং ২০২৫ সালে ৫৫ হাজার ৭৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছিল।
অর্থাৎ, ২০২৬ সালের প্রথম আট মাসেই নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা বিগত পাঁচ বছরের যে কোনো পূর্ণ বছরের তুলনায় বেশি। বিশেষ করে ২০২৫ সালের পুরো বছরে নিষ্পত্তি হওয়া ৫৫ হাজার ৭৫৬টি মামলার তুলনায় চলতি বছরের প্রথম আট মাসে ৩১ হাজার ৮৪০টি বেশি মামলা নিষ্পত্তি হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৬ লাখ ৫৯ হাজার ২৫৬টি। প্রথম আট মাসে দায়েরের তুলনায় নিষ্পত্তি বেশি হওয়ায় ৩১ আগস্ট শেষে বিচারাধীন মামলার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৬ হাজার ২৭৬টিতে।
অর্থাৎ, বছরের প্রথম আট মাসে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা কমেছে ১২ হাজার ৯৮০টি।
ডেথ রেফারেন্স মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ
মৃত্যুদণ্ড অনুমোদন-সংক্রান্ত (ডেথ রেফারেন্স) মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্ট বিভাগে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে।
নিয়মিত মৃত্যুদণ্ড অনুমোদন সংক্রান্ত বেঞ্চের পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং সংশ্লিষ্ট আপিল অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য এ বিশেষ বেঞ্চ গঠন করা হয়।
চলতি বছরের জুন মাসে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ বিশেষ বেঞ্চ গঠন করেন। বিশেষ বেঞ্চ গঠনের পর এ পর্যন্ত ২২টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি হয়েছে।
দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং দীর্ঘদিন ধরে বিচারাধীন গুরুতর ফৌজদারি মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে এটিকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, মামলা নিষ্পত্তির এ অগ্রগতি বিচারপ্রার্থীদের দ্রুত বিচারিক সেবা নিশ্চিত করা এবং বিচারাধীন মামলার সংখ্যা ক্রমান্বয়ে কমিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। মামলা নিষ্পত্তির এ গতি অব্যাহত রেখে বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় জানিয়েছে সুপ্রিম কোর্ট।
এফএইচ/ইএ




