নতুন পরিচয়ে আসছেন সামিনা চৌধুরী

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। মঞ্চ, টেলিভিশন কিংবা চলচ্চিত্র-বিভিন্ন মাধ্যমে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। এবার গানের পাশাপাশি নতুন এক পরিচয়ে আসছেন এই গুণী শিল্পী। নতুন প্রজন্মকে গান শেখাতে গড়ে তুলছেন নিজের সংগীত একাডেমি। সাম...

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। মঞ্চ, টেলিভিশন কিংবা চলচ্চিত্র-বিভিন্ন মাধ্যমে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। এবার গানের পাশাপাশি নতুন এক পরিচয়ে আসছেন এই গুণী শিল্পী। নতুন প্রজন্মকে গান শেখাতে গড়ে তুলছেন নিজের সংগীত একাডেমি।

সামিনা চৌধুরীর এই উদ্যোগের নাম ‘সামিনাস একাডেমি অব মিউজিক (এসএএম)’। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই আনুষ্ঠানিকভাবে একাডেমিটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সামিনা চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরেই অনেকেই তাকে গান শেখানোর অনুরোধ করে আসছেন। তার স্বামী ও অনুষ্ঠান প্রযোজক ইজাজ খান স্বপনও নিয়মিত তাকে একটি সংগীত একাডেমি প্রতিষ্ঠার জন্য উৎসাহ দিয়েছেন। সেই ভাবনা থেকেই এবার নিজের একাডেমি গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি।

আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে সামিনা চৌধুরীর। সেখানে প্রায় দুই মাস অবস্থান করবেন তিনি। দেশে ফিরে একাডেমির আনুষঙ্গিক কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেবেন।

একাডেমির কার্যক্রমের বড় অংশই অনলাইনে পরিচালিত হবে। ফলে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের আগ্রহীরা এখানে গান শেখার সুযোগ পাবেন। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে সরাসরি শেখার ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে অনলাইনে গান শেখার অসংখ্য ভিডিও ও টিউটোরিয়াল পাওয়া যায়। তবে শুধু ভিডিও দেখে ভালোভাবে গান শেখা সম্ভব নয় বলে মনে করেন সামিনা। তার মতে, একজন অভিজ্ঞ শিল্পীর নিয়মিত দিকনির্দেশনা, ভুল শুধরে দেওয়া এবং শিক্ষার্থীর কণ্ঠ অনুযায়ী অনুশীলনের সুযোগ থাকা জরুরি।

শুরুতে একাডেমিতে গানের মৌলিক বিষয়গুলো শেখানো হবে। এর মধ্যে থাকবে কণ্ঠের সঠিক ব্যবহার, সুর-তাল, উচ্চারণ, গানের আবেগ ও পরিবেশনার বিভিন্ন দিক। ধীরে ধীরে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পাঠের পরিধি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

গানের পরিবেশেই বেড়ে উঠেছেন সামিনা চৌধুরী। কিংবদন্তি সংগীতশিল্পী মাহমুদুন্নবীর মেয়ে হিসেবে ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে সংগীতের প্রথম পাঠ নিয়েছেন তিনি। পরবর্তী সময়ে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও গায়কির মাধ্যমে তৈরি করেছেন আলাদা পরিচয়।

এর আগে বাবার স্মৃতি ধরে একটি সংগীত প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছার কথাও জানিয়েছিলেন সামিনা। এবার সেই ভাবনাই নতুন আকারে বাস্তবায়নের পথে এগোচ্ছেন তিনি। তবে একাডেমিটি শুধু নামসর্বস্ব প্রতিষ্ঠান নয়, নিয়মিত সংগীত শেখা ও চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চান এই শিল্পী।

অন্যদিকে নিজের সংগীতচর্চাও চালিয়ে যাচ্ছেন সামিনা চৌধুরী। নিয়মিত নতুন গান প্রকাশের পাশাপাশি সম্প্রতি আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ফারুক আনোয়ারের কথায় গানটির সুর করেছেন সম্রাট আহমেদ। এরই মধ্যে গানটির রেকর্ডিং শেষ হয়েছে।

নতুন গানটি প্রসঙ্গে সামিনা বলেন, ‘যারা যেতে চায়, তাদের চলে যেতে দাও, তারা তোমার না’—এই কথাগুলো তার ভালো লেগেছে। গানের সুরও পছন্দ হয়েছে তার। শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এবার সংগীতশিল্পী হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চান সামিনা চৌধুরী। সেই লক্ষ্যেই নিজের একাডেমির মাধ্যমে শুরু হতে যাচ্ছে তার নতুন পথচলা।

এমএমএফ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1156868
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business