বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বাংলাদেশ ও ফ্রান্সের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং পারস্পরিক সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্সের তিন সিনেটরের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে ...

বাংলাদেশ ও ফ্রান্সের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং পারস্পরিক সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্সের তিন সিনেটরের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এলে এ আলোচনা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, বিশেষ করে দুই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ফরাসি সিনেটরদের স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরাসি সিনেটের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মাধ্যমে দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক মতবিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

ফ্রান্সে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম ওষুধ, চামড়া, সিরামিক ও পাটজাত পণ্যসহ বিভিন্ন খাতে রপ্তানি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে এসব খাতে ফরাসি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আর্থসামাজিক উন্নয়নে ফ্রান্সের অব্যাহত সহযোগিতার প্রশংসা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, অভিবাসন ও শ্রমিকদের চলাচলসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশের কর্মীদের দক্ষতা উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ বাড়াতে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়। একই সঙ্গে বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে তিনি এ ধরনের অভিবাসন প্রতিরোধে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানান।

এছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং বহুপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও মতবিনিময় করেন তারা। বহুপাক্ষিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উভয়পক্ষ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি শেষ হয়। দুই পক্ষই আশা প্রকাশ করে, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ককে নতুন গতি দেবে এবং দুই গণতান্ত্রিক দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারত্ব আরও জোরদার করবে।

ইএ

Original Source
https://www.jagonews24.com/national/news/1156863
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World