ইনস্টাগ্রামে স্প্যাম ফলোয়ার নিয়ে বিরক্ত? এক ক্লিকেই ডিলিট করুন
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হঠাৎ করে অপরিচিত কিংবা সন্দেহজনক প্রোফাইল থেকে ফলো আসছে? নিয়মিত এমন ফলোয়ার বাড়তে থাকলে শুধু বিরক্তিই নয়, অ্যাকাউন্টের এনগেজমেন্ট ও নিরাপত্তা নিয়েও চিন্তা তৈরি হতে পারে। কারণ, এর মধ্যে অনেক অ্যাকাউন্টই স্প্যাম বা বট হতে পারে। ব্যবহারকারীদের এই সমস্যা সামলাতে ইনস্টাগ্রামে রয়েছে স্প্যাম ফলোয়ার শনাক্ত ও সরিয়ে দেওয়ার বিশেষ সুবিধা।
ইনস্টাগ্রাম সন্দেহজনক ফলোয়ারদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে আলাদা একটি তালিকায় দেখাতে পারে। সেখানে থাকা অ্যাকাউন্টগুলো যাচাই করে ব্যবহারকারী নিজেই ঠিক করতে পারেন কোন প্রোফাইলকে ফলোয়ার হিসেবে রাখবেন এবং কোনটি সরিয়ে দেবেন।
‘পটেনশিয়াল স্প্যাম’ তালিকা দেখবেন যেভাবে
প্রথমে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে। এরপর ফলোয়ারস তালিকা খুলুন। সেখানে পটেনশিয়াল স্প্যাম নামে কোনও অপশন থাকলে সেটিতে ট্যাপ করুন। এই অংশেই ইনস্টাগ্রাম সম্ভাব্য স্প্যাম বা সন্দেহজনক ফলোয়ারদের তালিকা দেখাবে।
তালিকায় থাকা প্রতিটি অ্যাকাউন্ট দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে। কোনো প্রোফাইলকে পরিচিত বা বিশ্বাসযোগ্য মনে হলে সেটিকে ফলোয়ার হিসেবে রাখতে কনফার্ম অপশন বেছে নিতে পারেন। অন্যদিকে অ্যাকাউন্টটি সন্দেহজনক মনে হলে সেটি সরিয়ে দেওয়া যাবে।
একসঙ্গে মুছে ফেলবেন কীভাবে?
পটেনশিয়াল স্প্যাম তালিকায় যদি প্রচুর অ্যাকাউন্ট জমে যায়, তাহলে একটির পর একটি সরানোর প্রয়োজন নেই। ইনস্টাগ্রামে একসঙ্গে সম্ভাব্য স্প্যাম ফলোয়ার সরিয়ে দেওয়ার সুবিধাও রয়েছে।
এজন্য পটেনশিয়াল স্প্যাম বিভাগে গিয়ে রিমুভ অল স্প্যাম ফলোয়ার্স অপশনটি বেছে নিতে হবে। এরপর রিমুভ-এ ট্যাপ করলেই তালিকায় থাকা সম্ভাব্য স্প্যাম ফলোয়ারগুলো সরিয়ে দেওয়া যাবে।
তবে কোনও অ্যাকাউন্ট সরানোর আগে তালিকাটি একবার দেখে নেওয়া ভালো। কারণ ইনস্টাগ্রামের শনাক্তকরণ সবসময় শতভাগ নিখুঁত নাও হতে পারে। পরিচিত বা আসল কোনো অ্যাকাউন্ট ভুল করে এই তালিকায় চলে এলে সেটিকে সরিয়ে না দিয়ে কনফার্ম করা যেতে পারে।
স্প্যাম ফিল্টার চালু রাখবেন কীভাবে?
ভবিষ্যতে সম্ভাব্য স্প্যাম ফলোয়ার শনাক্ত করার জন্য ইনস্টাগ্রামের ফিল্টার স্প্যাম ফলোয়ার্স ফিচারটিও ব্যবহার করা যায়। এর জন্য প্রোফাইলে গিয়ে মেনু খুলতে হবে। সেখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে ফলোয়ার্স বিভাগে প্রবেশ করুন। সেখানে ফিল্টার স্প্যাম ফলোয়ার্স অপশনটি পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী এটি চালু বা বন্ধ করা যাবে।
প্রাইভেট অ্যাকাউন্টে ফলোয়ার সরাবেন কীভাবে?
অ্যাকাউন্ট প্রাইভেট হলেও কোনো নির্দিষ্ট ফলোয়ারকে সরিয়ে দেওয়া যায়। এজন্য নিজের প্রোফাইলে গিয়ে ফলোয়ার্স তালিকা খুলুন। যে ব্যক্তিকে সরাতে চান, তার নামের পাশে থাকা রিমুভ অপশনে ট্যাপ করলেই তিনি আপনার ফলোয়ার তালিকা থেকে বাদ পড়বেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাউকে ফলোয়ার তালিকা থেকে রিমুভ করলে সেই ব্যক্তির কাছে ইনস্টাগ্রাম থেকে এ বিষয়ে কোনো নোটিফিকেশন পাঠানো হয় না। ফলে অচেনা, বট বা সন্দেহজনক অ্যাকাউন্ট জমতে থাকলে নিয়মিত ফলোয়ার্স তালিকা দেখে অপ্রয়োজনীয় প্রোফাইল সরিয়ে রাখা যেতে পারে।
কেএসকে




