মোহাম্মদপুরে ৬ গ্যারেজে অভিযান, ৪টিতেই চোরাই বিদ্যুৎ
রাজধানীর মোহাম্মদপুরে অবৈধ অটোরিকশা গ্যারেজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ট্রাফিক ও ক্রাইম ইউনিট। অভিযানে চোরাই বিদ্যুৎ ব্যবহার করায় একটি গ্যারেজের মালিককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ছয়টি অবৈধ অটোরিকশা গ্যারেজে এ অভিযান চাালানো হয়। এতে ডিপিডিসি, ডেসকোসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নেন।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, ছয়টি গ্যারেজের মধ্যে দুটি গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বৈধ পাওয়া যায়। অন্য চারটি গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে এক গ্যারেজ মালিককে গ্রেফতার করা হয়।
রায়েরবাজার এলাকার এসব গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার সঙ্গে এক ব্যক্তি জড়িত। তিনি গ্যারেজগুলোতে চোরাই বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রতিটি গ্যারেজ থেকে মাসে প্রায় ২০ হাজার টাকা করে আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / অটোরিকশা নিয়ন্ত্রণে ব্যাটারিতে বসবে ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোড
ডিএমপি জানায়, রাজধানীতে অবৈধ অটোরিকশা গ্যারেজ ও চোরাই বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টিটি/এমআইএইচএস


